পদ্মায় নাব্যতা সংকটের ফলে ফেরি চলাচল বন্ধের আশংকা
ভরা বর্ষা মৌসুমেও পদ্মায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। পাটুরিয়া ঘাটের কাছে তিন কিলোমিটার এলাকা জুড়ে জেগে উঠেছে ডুবোচর।
পানি হ্রাস অব্যাহত থাকলে আগামি সাত দিনের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধের আশংকা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র আরিচা অফিসের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, গত কয়েকদিন ধরে পদ্মায় আশংকাজনকভাবে পানি হ্রাস পেয়েছে। পাটুরিয়া ফেরি ঘাটের উজানে কাসাদহ এবং দাসকান্দির কাছে স্রোত বাধাগ্রস্ত হওয়ায় ফেরি ঘাটের তিন কিলোমিটার এলাকা জুড়ে বিশাল চর জেগে উঠেছে। এসব স্থানে পানির গভীরতা মাত্র আট থেকে ১০ ফুট।
বিআইডব্লিউটিসি’র ফেরিগুলো নদীর তলদেশে মাটি ঘেষে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এদিকে ডুবোচরের কারণে ৪ নং ঘাটে কোনও ফেরি ভিড়তে পারছে না। ঘাট এলাকার পরিস্থিতি সবচেয়ে নাজুক। গত বছর ড্রেজিং করা চ্যানেলেও পলি পড়ে বন্ধের উপক্রম হয়েছে।
সূত্র জানায়, সোমবার বিআইডব্লিটিসি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ পাটুরিয়া ঘাট এলাকা সরেজমিন পরিদর্শণ করবেন।
