২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান সীমান্তে সেনা-বিডিআর যৌথ অভিযান শুরু

সীমান্ত সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) সদস্যরা শনিবার রাত থেকে পাবর্ত্য চট্টগ্রামে বিশেষ যৌথ অভিযান শুরু করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

নিরাপত্তা বাহিনীর সূত্র রোববার এ তথ্য জানায়।

সূত্র জানায়, প্রায় দু’হাজারেরও বেশি সেনা-বিডিআর সদস্য ৫০টি দলে বিভক্ত হয়ে নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও থানচি সীমান্ত এলাকাসহ বিভিন্ন দুর্গম এলাকায় একযোগে এই কম্বিং অভিযান শুরু করে।

বান্দরবান সেনা রিজিয়নের একজন মুখপাত্র জানান, সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি ও থানচি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের এরিয়া কমান্ডারের বিশেষ নির্দেশে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থেকে পাওয়া খবরে জানা গেছে, বিপুল সংখ্যক বিডিআর সদস্য বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকাগুলো ঘিরে ফেলে সেখানে তল্লাশি চালাচ্ছে। তবে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কোন অস্ত্র উদ্ধার বা সন্ত্রাসী আটকের খবর পাওয়া যায়নি।

তবে গত দেড় মাসে বেশ ক’টি অভিযান চালিয়ে বিডিআর সদস্যরা নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে ৫টি একে-৪৭ রাইফেল, ১টি এম-১৬ রাইফেল, ৮টি ১২ বোর রাইফেল, ১টি এল এম জি, ১টি এস এম জি, ১ বস্তা ২ কার্টন টিএনটি বিস্ফোরক, প্রায় এক হাজার বুলেট, বিপুল পরিমাণ খালি ম্যাগজিন এবং সেনাবাহিনীর কমব্যাট ইউনিফর্ম। এসব অভিযানে আটক করা হয় পাঁচ বিদেশী সন্ত্রাসীকে।