ব্যবসায়ি শহীদুল্লাহ হত্যা মামলায় আরও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
মিরপুরে ধনাঢ্য ব্যবসায়ি কাজী শহীদুল্লাহ হত্যাকান্ডে ওয়াচার হিসেবে অংশগ্রহনকারি কাউসার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
তিনদিনের রিমান্ড শেষে শনিবার কাউসারকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে মহানগর হাকিম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিকট জবানবন্দি দেয়। এর আগে মঙ্গলবার মামলার অপর আসামী সৈয়দ মোহাম্মদ সেলিম একই আদালতে হত্যাকান্ডের বিশদ বিবরণসহ জবানবন্দি প্রদান করেছিল।
কাউসার তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, সে জীবনে কখনো অস্ত্র ধরে নি, কোন কিলিং মিশনে এর আগে অংশ নেয়নি। তবে চাঁদাবাজির কাজে বাট্টি রাজুকে সহযোগিতা করত। এই বাট্টি রাজুর কথাতেই সে ব্যবসায়ি শহীদুল্লাহর মোবাইল নম্বর মামলার প্রধান আসামী শাহাদতের কাছে সরবরাহ করেছিল।
সে শহিদুল্লাহকে ধাক্কা দিয়ে সেলিমকে চিনিয়ে দেয়। হত্যাকান্ড সে নিজের চোখে দেখেছে বলে স্বীকারোক্তিতে জানায় কাউসার।
কাউসার জানায়, ভাড়াটে কিলার আরিফ তার অপরিচিত এবং দুইজন হত্যাকারি মসজিদ থেকে বের হয়ে আসার পর ব্যবসায়ী কাজী শহীদুল্লাহকে গুলি করে।
জবানবন্দি শেষে কাউসারকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।
