২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলের ১৬ জেলায় আল-কায়েদার ব্যাংক অ্যাকাউন্ট খোঁজা হচ্ছে

কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় আল-কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট ‘ইসলামিক জিহাদ গ্রুপ’ (আইজেজি) এবং ইমরান রশীদ ও আজিজুর রহমান নামে আরও দুই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

তবে এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একটি সূত্র একথা জানায়।

সোনালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক গত ৩০ জুলাই ওই সংগঠন এবং দু‘ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সে সম্পর্কে পরিপূর্ণ তথ্য চেয়ে ব্যাংকের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ১৬টি শাখাকে চিঠি দেয়। ১৪ আগস্টের মধ্যে এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন তথ্য পাওয়া যায়নি।

এতে ধারনা করা হচ্ছে, এ ধরনের ব্যাংক অ্যাকাউন্টের কোন অস্তিত্ব নেই।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম সোনালী ব্যাংকের এজিএম হুমায়ন কবীর কোন তথ্য প্রকাশে অস্বীকৃতি জানান।

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অগ্রণী ব্যাংকের নয়টি এবং জনতা ব্যাংকের ১২টি শাখায়ও একই ধরনের অনুসন্ধান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কোন শাখায়ই এরকম ব্যাংক অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে এ ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা নয়।

এজন্যে প্রাইভেট বাণিজ্যিক ব্যাংকগুলোতেও অনুসন্ধান চালানো প্রয়োজন।

অপরদিকে গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, উগ্র-মৌলবাদী সংগঠনের তৎপরতার খোঁজ-খবর রাখা হচ্ছে। সব ধরনের সূত্র পরীক্ষা করা হচ্ছে। এমনকি চরাঞ্চল ও ছিটমহলগুলোতেও ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোন এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে বিষয়টি একেবারে উড়িয়ে দেয়াও উচিত হবে না।