মানিকগঞ্জ ও ঝালকাঠিতে বিশিষ্ট ব্যক্তিদের কাছে জামা’আতুল মুজাহিদীনের চিঠি
মানিকগঞ্জ ও ঝালকাঠিতে বৃহস্পতিবার জামা’আতুল মুজাহিদীনের পক্ষ থেকে ডাকযোগে সাংবাদিক, রাজনীতিবিদ ও আইনজীবীদের নামে বোমা বিস্ফোরণের সময় ছাড়ানো লিফলেটের অনুরূপ লিফলেট পাঠানো হয়েছে।
বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে প্রথম আলো‘র মানিকগঞ্জ প্রতিনিধি অরূপ রায় এবং দৈনিক জনকণ্ঠের স্টাফ ফটোগ্রাফার নুরুন্নবী রবির নামে ডাকযোগে দুইটি চিঠি মানিকগঞ্জ প্রেসক্লাবে আসে। চিঠিগুলো ১৭ আগস্ট মানিকগঞ্জ সদর ডাকঘর থেকে পোস্ট করা হয়েছিল। এছাড়া প্রশিকার শহরের গঙ্গাধর পট্টির অফিসেও অনুরূপ একটি চিঠি পাঠানো হয়। এ নিয়ে শহরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ঝালকাঠি শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কাছে ডাকযোগে জামা’আতুল মুজাহিদীনের লিফলেট পাঠানো হয়েছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা ও আইনজীবীও এধরণের চিঠি পেয়েছেন বলে জানা গেছে।
