জগন্নাথ হলে পাহাড়ী ছাত্রদের ওপর ছাত্রদল ক্যাডারদের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শনিবার রাতে ছাত্রদল ক্যাডাররা পাহাড়ী ছাত্রদের ওপর হামলা চালিয়ে ৫/৬ জন পাহাড়ী ছাত্রকে আহত করেছে।
এসময় তারা বেশ একটি কক্ষ ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, ছাত্রদল ক্যাডারদের সাথে কথাকাটাকাটির জের ধরে পাহাড়ী ছাত্রদের ওপর এ হমলা চালানো হয়। ছাত্রদল ক্যাডারদের হামলায় আহত রিটন আসাম, সুমন চাকমা, অর্জুন চাকমা ও হিরণমিত্র চাকমা ও মুকুট চাকমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানায়, তাদেরই রুমমেট শ্রী চৈতন্য শিক্ষা ও সাংস্কৃতিক সংঘের সদস্য কুশল বরন চক্রবর্তীর সাথে কথা কাটাকাটির পর ছাত্রদল ক্যাডাররা হলের ৪৬৫ নম্বর কক্ষে হামলা চালিয়ে ভাংচুর করে।
সূত্র জানায় পাহাড়ী ছাত্রদের সাথে কথা কাটাকাটির পর কুশল ছাত্রদলের ক্যাডারদের ডেকে নিয়ে গিয়ে এই হামলা চালায়।
যদিও আরেকটি সূত্র জানায়, কুশলের সাথে পাহাড়ী ছাত্ররা খারাপ আচরণ করে ও তাকে মারধর করে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একে ফিরোজ আহমেদ বিডিনিউজকে বলেন, এ ঘটনার সাথে রাজনৈতিক কোনও সংশ্লিষ্টতা নেই।
