সিরাজগঞ্জে মাছ বাজারে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
সিরাজগঞ্জ পৌর এলাকায় রোববার সকাল সাড়ে সাতটার দিকে মেছুয়া বাজারে মাছের ট্রাকে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে মৎস্য ব্যবসায়ী ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম ও সম্পাদক শাহাদৎ হোসেন এবং জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক হুকুম আলী বিডিনিউজকে জানান, এসএস রোডের পৌর মেছুয়া বাজারে একটি মাছভর্তি ট্রাকে পার্শ্ববর্তী গোজালা মহল্লার ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে।
মৎস্য ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাদেরকে রামদা, ক্রীজ, রড, হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে আঘাত করে। এতে অন্তত ১০ জন আহত হয়।
এদের মধ্যে ট্রাকচালকসহ চারজন মৎস্য ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসীরা এসময় মাছের ট্রাক ভাংচুর করে এবং ট্রাকে রাখা প্রায় দেড়শ‘ মণ বিভিন্ন প্রজাতির মাছ পার্শ্ববর্তী খালে ফেলে দেয় এবং কিছু পরিমাণ মাছ লুটপাট করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
