আদিবাসীদের কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়ার আহ্বান
কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা দেওয়া প্রয়োজন বলে এক সেমিনারে বক্তারা অভিমত প্রকাশ করেছেন।
রাজধানীর ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে শনিবার আদিবাসী শিক্ষা সমস্যা নিয়ে কমনওয়েলথ বাংলাদেশ এডুকেশন ফান্ড ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় আদিবাসী ফোরাম এ সেমিনার আয়োজন করে।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী শিক্ষা বিষয়ক গবেষক অধ্যাপক মেসবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ সিকদার, নরেন্দ্র বর্মণ(কোচ), বানার্ড কুজুর (ওঁরাও) প্রমুখ।
সেমিনারে লিখিত বক্তব্য পাঠ করেন সঞ্জীব দ্রং। তিনি জানান, মাতৃভাষায় শিক্ষার কথা বিবেচনা করে আদিবাসী ফোরাম মূলত পাঁচটি জাতিকে নিয়ে কাজ করেছে। এরা হলো গারো, হাজং, কোচ,খাসি এবং ওঁরাও। এ পাঁচটি জাতির ভাষাকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া থেকে রক্ষার জন্যে মাঠপর্যায় থেকে আলোচনা করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ও বাংলা বই অনুবাদ করা হয়েছে। অর্থাৎ দুটি ভাষায় এগুলো রচিত হয়েছে।
তিনি আরো বলেন, সরকারি লোক গণনায়ও আদিবাসীদের উপেক্ষা করা হয়েছে। ২০০১ সালের গণনায় ২৯টি আদিবাসী গোষ্ঠীর মোট লোকসংখ্যা উল্লেখ করা হয়েছে ১২ লাখ। এটি ১৯৯১ সালেও একই ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, আদিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় হলে তারা খুব দ্রুত এগিয়ে যেতে পারবে। এক্ষেত্রে শিক্ষক নিয়োগ দিতে হবে আদিবাসী সমাজ থেকে।
তিনি বলেন, মাতৃভাষায় শিক্ষার পাশাপাশি তাদের ইংরেজিতেও দক্ষ হতে হবে।
তিনি আরো বলেন, বেশিরভাগ এনজিও আদিবাসীদের শিক্ষা নিয়ে কাজ করার জন্যে দাতাদের কাছ থেকে অর্থ আনে। কিন্তু তাদের কাজের সত্যিকারের প্রভাব দেখা যায় না।
তিনি ক্ষোভের সাথে বলেন, আদিবাসীদের জীবনকে নেতিবাচকভাবে প্রকাশ করা হচ্ছে। বাংলাপিডিয়ায় তাদের জীবনপ্রণালী যেরকম নেতিবাচকভাবে প্রকাশ করা হয়েছে, তার জন্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
