২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি’র ডাস্টবিন ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

ত্রুটিপূর্ণ পঞ্চাশটি চাকাওয়ালা ডাস্টবিন ক্রয়ের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) দুর্নীতিবাজ একদল কর্মকর্তা প্রায় এক কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নাম প্রকাশ না করার শর্তে ডিসিসি’র একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জানান, দেড় কোটি টাকায় কেনা হয় ৫০টি ডাস্টবিন। এর মধ্যে ৪০টিই গত ছয় মাস ধরে সায়েদাবাদে অবস্থিত ডিসিসি’র ওয়ার্কশপে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

ডিসিসি’র প্রধান কনজার্ভেন্সি অফিসার (সিসিও) কমান্ডার সোহেল ফারুকী শুক্রবার বিডিনিউজকে বলেন, কারিগরি দিক এবং দাম নির্ধারণের বিষয়টি ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাপার।

এর আগে ঢাকা সিটি কর্পোরেশনের সিসিও গত বছর এ প্রকল্পটি হাতে নেন এবং ২০০৪ সালের ২১ অক্টোবর স্থানীয় সংস্থা এম/এস ক্লারিটি ইকোটেক কানাডা’র কাছ থেকে ১,৪৭,৬৫,০০০ টাকার বিনিময়ে ৫০টি ডাস্টবিন সরবরাহ করার জন্য একটি কার্যাদেশ ইস্যু করেন।

নগর ভবন সূত্র জানায়, বহুল প্রচলিত দৈনিক পত্রিকায় বিজ্ঞাপণ না দিয়েই এম/এস ক্লারিটি ইকোটেক কানাডা’র সাথে এ চুক্তিটি করা হয়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ-১ এর একজন ইঞ্জিনিয়ার বলেন, ডাস্টবিনগুলোর দাম বেশি ধরা হয়েছে। চাকাওয়ালা একটি ডাস্টবিনের প্রকৃত মূল্য এক লাখের বেশি নয়। কিন্তু ডাস্টবিনের দাম দেখানো হয়েছে প্রায় তিন লাখের কাছাকাছি।

তিনি বলেন, তাছাড়া কার্যাদেশের মাত্র তিন মাসের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ডাস্টবিন সরবরাহ করে। এ কারণে ডাস্টবিনগুলোতে অনেক ত্রুটি রয়ে গেছে এবং এগুলো ব্যবহার করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ছয় মাসেই ডাস্টবিনগুলোতে মরিচা পড়ে গেছে।

ডাস্টবিনের কারিগরি ত্রুটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে ডিসিসি’র এক প্রকৌশলী বলেন, এ ডাস্টবিনগুলোতে একাধিক গিয়ার বক্স নাই। তাছাড়া ডাস্টবিন বহনকারী চাকার বেয়ারিং দুর্বল হওয়ায় তা বহন করার সময় ভেঙ্গে যেতে পারে।

কারিগরি দিক ছাড়াও এ ডাস্টবিনগুলোতে স্বাভাবিক ডাস্টবিনের তুলনায় প্রায় তিন গুণ বেশি খরচ হয় এবং লোড আনলোডে চালকদের সমস্যা হয়।

কর্পোরেশনের একজন চালক জানান, এ ধরণের ডাস্টবিন ব্যবহাব সুবিধাজনক নয়। এগুলো বহনের সময় চাকার বেয়ারিং এর ওপর চাপ সৃষ্টি হয় এবং লোড আনলোডে বেশি সময় লাগে।

এ ধরণের ডাস্টবিনের জন্য জ্বালানি খরচ বেশি হওয়ার কথা স্বীকার করে কমান্ডার সোহেল ফারুকী বলেন, এ ডাস্টবিনগুলো স্বাভাবিক ডাস্টবিনের তুলনায় আড়াই গুণ বেশি ময়লা বহন করতে সক্ষম।

নগর ভবনের একজন সিনিয়র কর্মকর্তা জানান, দুর্নীতিবাজ কর্মকর্তারা বেশি দাম দেখিয়ে এ প্রকল্প হাতে নেয়। দুর্নীতিবাজ এসকল কর্মকর্তাদের নেটওয়ার্কটি খুবই শক্তিশালী বলে তিনি জানান।