থাই এয়ারওয়েজের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
গত তিন মাস ধরে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হওয়ায় থাই এয়ারওয়েজের প্রেসিডেন্ট কনক আভিরাদীকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে।
থাইল্যাণ্ডের পরিবহন মন্ত্রী পংসাক র্যাকটাপংপায়সাল বলেছেন, অন্তর্বর্তীকালীন একজন প্রধানের নেতৃত্বে একটি কমিটি তার দায়িত্ব পালন করবে।
থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, তেলের দাম বৃদ্ধি ও এশিয়ায় সুনামি দুর্যোগের কারণে প্রতিষ্ঠানটি শেষ তিন মাসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।
তবে কর্তৃপক্ষ কনক আভিরাদীকে এয়ারওয়েজের সাধারণ কর্মকান্ড দেখাশোনার জন্য রাখতে চাচ্ছে।
থাই এয়ারওয়েজের পরিচালনা বোর্ডের সদস্য সমচাইনুক এংট্রাকুল ওই কমিটির প্রধান হিসেবে কাজ করবেন বলে থাই সরকার জানিয়েছে।
অন্যান্য এয়ারলাইনগুলোতে যখন যাত্রী বাড়ছে তথন থাই এয়ারওয়েজে যাত্রী কমে যাওয়ার কারণ হিসেবে তেলে মূল্য বৃদ্ধি ও সুনামি ছাড়াও কোনও কারণ আছে কিনা কমিটি তা খতিয়ে দেখবে।
র্যাকটাপংপায়সাল বলেছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা আর্থিক ও বিপনন অব্যবস্থাপনার কারণে ক্ষতি হয়েছে কিনা কমিটি তাও তদন্ত করে দেখবে।
দ্বিতীয় কোয়ার্টারে মার্চের শেষে থাই এয়ারওয়েজ প্রায় পাঁচ বিলিয়ন বাথ (১২২ মিলিয়ন মার্কিন ডলার) লাভ করে যা প্রথম কোয়ার্টারের চেয়ে তিন বিলিয়ন বাথ কম।
