২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৫ বাংলাদেশী উটের জকি শিশুর স্বদেশ প্রত্যাবর্তন

তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে উটের জকি হিসেবে কাজ করা ৩৫ জন বাংলাদেশী শিশু বৃহস্পতিবার স্বদেশে ফিরেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও ইউনিসেফ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের দেশে নিয়ে আসে। জেনেভাভিত্তিক আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও ইউনিসেফের অর্থ সহযোগিতায় এ ৩৫ জন বাংলাদেশী শিশুকে ফিরিয়ে আনা হল।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর আমিরাত থেকে আসা শিশু এবং তাদের অভিভাবকদের জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রহণ করেন।

বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের বাবর বলেন, বিদেশের মাটিতে উটের জকি হিসেবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত বাংলাদেশী শিশুদের দেশে ফিরিয়ে আনাই ছিলো আমাদের প্রথম দায়িত্ব। আমরা এখন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করব।

বিমান বন্দরে অন্যদর মাঝে ইউনিসেফ প্রতিনিধি মর্টিন গিয়ারসিং এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী উপস্থিত ছিলেন।

বিমান বন্দরে ইউনিসেফের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশী শিশুদের চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করাটিই ছিল আমাদের জন্যে সবচেয়ে জরুরি ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ শিশুরা পিতামাতার সাথে অথবা অপহরণের শিকার হয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল। পরে তাদের উটের জকি হিসেবে বিক্রি করে দেওয়া হয়। ২০০ বাংলাদেশী শিশু এখনও সেখানে উটের জকি হিসেবে কাজ করছে বলে ওই কর্মকর্তা জানান।

এ শিশুদের দেশে ফিরিয়ে আনার জন্যে শিশুদের পিতামাতা সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এক শিশুর অভিভাবক মোহাম্মদ আলী বলেন, আমার ছেলে খুবই বিপজ্জনক প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। চট্টগ্রামের এক আদম ব্যবসায়ী তাকে উচ্চ শিক্ষার কথা বলে তার কাছ থেকে ছেলেকে নিয়ে গিয়েছিল বলে তিনি জানান।

উটের জকি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে নয় বছরের শিশু আবেদ বলে, দর্শকদের আনন্দ-উল্লাসের মাঝে আমরা আর্তনাদ করতাম। আমি কয়েকবার উটের পিঠ থেকে পড়ে গিয়েছি। ব্যথা পেয়েছি। আমাকে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে।

অভিযোগ রয়েছে, জকি হিসেবে ব্যবহৃত শিশুদের ওজন কম রাখার জন্যে তাদের কম খাবার দেয়া হয়। অনেকে প্রতিযোগিতাকালেই মৃত্যুবরণ করে।

অবশ্য ২০০২ সালের সেপ্টেম্বর মাসে আরব আমিরাত সরকার জকি হিসেবে ব্যবহৃত শিশুদের সর্বনিু বয়স ১৫ এবং ওজন ৪৫ কেজি নির্ধারণ করে দেয়। এরচেয়ে কম বয়স এবং ওজনের শিশুদের জকি হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই আইন মানা হয় না।