২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে আত্মগোপনকারী বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কলকাতা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে

পশ্চিমবঙ্গে আত্মগোপনকারী বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী এবং মাওবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। শিগগিরই সন্ত্রাসীদের পাকড়াও করতে বিশেষ অভিযান পরিচালিত হবে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 09:08 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এর আগে ২০০৩ সালের ২৭ জানুয়ারি বাংলাদেশী সন্ত্রাসীদের বিরুদ্ধে কলকাতা নগরীতে ভারতীয় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, পশ্চিমবঙ্গের বিহার ও উড়িষ্যা এলাকায় মাওবাদী সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের চরমপন্থি সন্ত্রাসীদের সমঝোতা হয়েছে বলে রাজ্য গোয়েন্দা দপ্তরে তথ্য রয়েছে। বাংলাদেশে সন্ত্রাস দমনে বিভিন্ন সময় অভিযানের ফলে ওইসব সন্ত্রাসীরা মাওবাদী সন্ত্রাসীদের আনুকূল্য গ্রহণ করে। 

বাংলদেশী শীর্ষ সন্ত্রাসীদের বেশিরভাগ এখন কলকাতায় নিজেদের পরিচয় গোপন করে চলাফেরা করছে। এরা ঠাকুরপুকুর, টালীগঞ্জ, গড়িয়া ও বেহালা বাজার এলাকায় আশ্রয় নিয়েছে। কলকাতার নিউমার্কেট ও চৌরঙ্গী এলাকার পার্শ্ববর্তী পার্ক স্ট্রিট, সাদার স্ট্রিট এলাকার বিভিন্ন অভিজাত হোটেলে বাংলাদেশের সন্ত্রাসীরা বসবাস করছে।

সূত্র মতে, কলকাতায় আত্মগোপনকারী বাংলাদেশী সন্ত্রাসীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যেতে পারে।

গোয়েন্দা পুলিশ এদের অবস্থান ও কর্মকাণ্ডের খোঁজখবর নিচ্ছে। তবে তাদের কোনও ছবি কলকাতা পুলিশের হাতে না থাকায় আটক করা কঠিন হবে বলে সূত্রটি মন্তব্য করে।

কলকাতা পুলিশের মতে, শীর্ষ সন্ত্রাসীরা অনেকেই প্রকৃত নাম পাল্টিয়ে পাসপোর্ট নিয়ে সেখানে অবস্থান করছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সন্ত্রাসীদের একটি তালিকা ও কয়েকটি ছবি ইতোমধ্যে কলকাতা পুলিশের হাতে পৌঁছেছে।

এদিকে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু চরমপন্থি শীর্ষ সন্ত্রাসী অবৈধভাবে সীমান্ত টপকিয়ে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছে। এদের বেশিরভাগ চব্বিশ পরগনা এলাকায় রয়েছে বলে বাংলাদেশী পুলিশের কাছে তথ্য রয়েছে।

পশ্চিমবঙ্গের অজ্ঞাত স্থান থেকে বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া এলাকার চরমপন্থি নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির শীর্ষ এক নেতা নিজের পরিচয় গোপন রাখার শর্তে বলেন, আমার পরিবার, আত্মীয়স্বজনদের ওপর সন্ত্রাসী গাজী কামরুল ও পুলিশের নির্যাতনের কারণে বিপ্লবী জীবন বেছে নিতে বাধ্য হই। তবে এখানে আমরা এখন ভাল নেই।

ভারতের মাটিতে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের অবস্থানই কেবল শেষ কথা নয়, সেখানে তারা খুনোখুনি এবং অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত। চব্বিশ পরগনায় সম্প্রতি চরমপন্থিদের পারস্পরিক হানাহানিতে নিহত হয়েছে দক্ষিণাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মৃনাল, মফি, সুজিত ও আলম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব হত্যকাণ্ডে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ইন্ধন রয়েছে।