ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী গ্রামে তরুণী ধর্ষিত, গ্রাম্য সর্দারদের চাপে ৩ দিন মামলা নেয়নি পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক গ্রামে ধর্ষণের শিকার এক তরুণী জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তিনদিন পর বুধবার কসবা থানায় অভিযোগ দায়ের করে।
গত তিনদিন গ্রাম্য মাতাব্বরদের চাপের মুখে থানায় মামলা নেয়নি পুলিশ।
এলাকাবাসীরা জানায়, ৭ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একই গ্রামের আব্দুল হান্নান, জামসেদ, লিলু মিয়া আতর্কিত ওই তরুণীর মুখে কাপড় চাপা দিয়ে তার বাড়ি থেকে ২০০ গজ দুরে আব্দুল হান্নানের খালি দোকানে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে আহত অবস্থায় গ্রামের আলী আকবরের বাড়ির পাশে ফেলে রাখে। তরুণীর বাড়ির লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে।
তরুণীটি ৮ আগস্ট তার মাকে নিয়ে থানায় আসতে চাইলে গ্রাম্য সর্দার মাতাব্বররা তাকে সুবিচারের আশ্বাস দেয়। ওই দিনই চট্টগ্রামের কেডিএস এলাকার গার্মেন্টস এর কর্মচারি ওই তরুণীকে কসবা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করে।
এদিকে বিলম্বে সংবাদ পেয়ে জাতীয় দৈনিকের স্থানীয় তিনজন সাংবাদিক মঙ্গলবার সন্ধ্যায় তরুণীটির বাড়িতে গেলে তাদের সহায়তায় বুধবার কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে পুলিশ সুপার এটিএম তারেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার জন্যে তিনি কসবা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। কসবা থানার ওসি জানান, এ ব্যাপারে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে।
