২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার জেলা সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হচ্ছে

দীর্ঘ অপেক্ষার পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল অবশেষে ২৫০ শয্যায় উন্নীত হতে চলেছে। বর্তমান ১০০ শয্যার হাসপাতালটিতে একই সাথে স্বয়ংসম্পূর্ণ কার্ডিয়াক কেয়ার ইউনিটও স্থাপিত হবে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

কক্সবাজার সদর--রামু আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের আন্তরিক তৎপরতায় প্রকল্পটি পিআইপিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। অচিরেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার জেলা সদর হাসপাতালটিতে বর্তমানে ১০০ শয্যার বিপরীতে ২৯ জন ডাক্তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন হাতেগোনা কয়েকজন। বর্তমানে মেডিসিন, অর্থোপেডিক, সার্জারি, শিশু, চক্ষু ও গাইনী বিভাগে একজন করে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে। হাসপাতালে অপারেশন থিয়েটার রয়েছে চারটি। কিন্তু হাসপাতালে ইনডোরে নিয়মিত রোগী থাকে ২৫০ জনেরও বেশী। ফলে এদের সঠিক চিকিৎসা দেয়া এবং ঔষধ ও পথ্য সরবরাহ করা কঠিন হয়ে দাঁড়ায়। সরকারিভাবে ১০০ শয্যার অধীনে সুযোগ সুবিধা দেয়া হয়। ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হয়ে উঠে না।

কক্সবাজারের সিভিল সার্জন আবদুল ওয়াদুদ ভূঁইয়া বিডিনিউজকে জানান, অচিরেই হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার সকল প্রক্রিয়া শুরু হবে। প্রকল্প দু’টি বাস্তবায়িত হলে জেলা সদর হাসপাতালটিতে বর্তমান ১০০ শয্যার পাশাপাশি আরও ১৫০ শয্যার সুযোগ সুবিধা ও প্রয়োজনীয় চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

তিনি আরও জানান, কক্সবাজার পর্যটন নগরী হওয়ায় এখানে যেকোন সময় পর্যটকরা হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত হতে পারেন। কক্সবাজারে তাদের জন্য তেমন কোন চিকিৎসা সুযোগ সুবিধা নেই। কিন্তু তাদের চিকিৎসা ক্ষেত্রে যতœবান হওয়া আমাদের পর্যটন শিল্পের স্বার্থেই জরুরী।