কনসার্টে সংঘর্ষ: বসুন্ধরা কর্তৃপক্ষসহ কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি
কনসার্টকে কেন্দ্র করে রোববার রাতে নগরীর বসুন্ধরা সিটি মার্কেটে সৃষ্ট সংঘর্ষে বসুন্ধরা কর্তৃপক্ষ বা হাঙ্গামার শিকার কেউ পুলিশের কাছে কোনও অভিযোগ করেনি।
এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ২০০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কনসার্ট উপভোগ করতে আসা অনেক মহিলা এবং শিশুও রয়েছে।
সূত্র জানায়, বিশ্ব বন্ধু দিবস উপলক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ আয়োজিত কনসার্টে আসা তরুণ তরুণীরা নির্ধারিত সময়ে কনসার্ট শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়লে নিরাপত্তারক্ষীরা দর্শকদের ওপর হামলা চালায়।
কর্তৃপক্ষ কনসার্ট বাবদ টিকিটের দাম রাখে ২৫০ টাকা।
সোমবার তেজগাঁও থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এ ঘটনায় কোনও মামলা হয়নি, এমনকি কেউ গ্রেপ্তারও হয়নি।
তিনি বলেন, এ ব্যাপারে তারা একটি সাধারণ ডায়রি করেছেন।
তিনি আরও বলেন, শপিং মলের বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী মানুষের ওপর হামলা চালায়। যদিও তাদের অন্যের ওপর হামলা চালানোর কোনও অধিকার নেই।
তিনি বিডিনিউজকে বলেন, বসুন্ধরা কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষতি দেখিয়েছে, তা সঠিক নয়।
ঘটনাস্থলে দায়িত্বরত কয়েকজন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তারা নিজেরাই নিরাপত্তা রক্ষীদের হামলার শিকারে পরিণত হন।
কনসার্ট দেখতে এসে আহত হওয়া এক মন্ত্রীর আত্মীয় বলেন, আমি কখনও এমন ঘটনা দেখিনি। কোনও মার্কেটের নিরাপত্তা রক্ষীরা দর্শকদের ওপর হামলা করতে পারে, আমি কোথাও দেখিনি। এমনকি ঘটনাস্থল থেকে যাতে কেউ বের হয়ে যেতে না পারে সেজন্যে তারা (নিরাপত্তা রক্ষীরা) জরুরী বর্হিগমন পথ ও এসকেলেটর বন্ধ করে দিয়েছিল।
তিনি বিডিনিউজকে বলেন, আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। তবে অনেককেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। আমি ওই জায়গার আর যাব না।
