ইন্দো-বাংলা স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অবৈধ অভিবাসন ইস্যুতে আলোচনা হবে
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে অস্বস্তিকর ভারতে বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ নিয়ে এ বছরের সেপ্টেম্বরে দু’ দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে।
ঢাকা, আগস্ট ৮ (বিডিনিউজ)Ñ
পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান বলেন, দু’ দিক থেকেই অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু নির্বিচারে পুশ-ইনের প্রচেষ্টার বিরোধিতা করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও গ্রহণযোগ্য নয়।
মোর্শেদ খান বলেন, অনেক লোক বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে, বাংলাদেশ থেকেও কিছু লোক অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। যারা সীমান্তে একটি অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলেছে বা চোরাকারবার চালাচ্ছে। তারা বাংলাদেশী কি-না, তা যেন সনাক্ত করা যায়, সেজন্যে ভারত আমাদের একটি তালিকা দিক।
সকালে বিমানবন্দরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংকে বিদায় জানিয়ে বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা তাদের সবই দিয়েছি, এফটিএ স্বাক্ষর করা ছাড়া এখন আর আমাদের দেওয়ার কিছু নেই। এখন ভারতের উচিত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ন্যায়সঙ্গত আচরণ করা।
অনুপ্রবেশের ব্যাপারে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ভারতের অনেক ছেলেমেয়েও বাংলাদেশে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবরকম শুল্ক বাতিল করে বাংলাদেশী পণ্যের জন্যে ভারতের বাজার উন্মুক্ত করে দেওয়া উচিত।
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনার কোনও বিকল্প নেই বলে তিনি জানান, বিমসটেক সম্মেলনের অংশ হিসেবে দু দেশের সরকার প্রধানদের বৈঠকের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয়ে আসতে থাকে এবং গত ছয়মাস ধরে দু দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
ভারত বাংলাদেশের কাছে ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং সন্ত্রাসমুক্ত পরিস্থিতি আশা করে, নটবর সিংয়ের এ বক্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ভারত কী চায়, সেটি বড় কথা নয়, বাংলাদেশ কখনই সন্ত্রাসকে প্রশ্রয় দেয়নি।
তিনি বলেন, ভারত যদি ভাবে আমরা ধর্মনিরপেক্ষ নই, তা ঠিক হবে না।
নদী সংযোগ প্রকল্পগুলোর ব্যাপারে ভারত একক কোনও সিদ্ধান্ত নেবে না- ভারতের এ প্রতিশ্র“তিকেই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফরের সবচেয়ে বড় সাফল্য বলে তিনি উল্লেখ করেন।
