আন্তর্জাতিক আদিবাসী দিবস মঙ্গলবার
বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে ৯ আগস্ট মঙ্গলবার উদ্যাপিত হবে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষ্যে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হবে। এখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও বের হবে।
দুপুর ২টায় অনুষ্ঠিত হবে আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিকের ওপর এক প্রদর্শনী।
বিকেল সাড়ে তিনটায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আলোচনা সভার পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সারা বিশ্বের ৭০টি দেশে ৩৭ কোটিরও বেশি আদিবাসী গোষ্ঠী তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্যে লড়ছেন। জাতিসংঘ তাদের এ সংগ্রামকে স্বীকৃতি দিয়ে আদিবাসী ইস্যুতে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক ঘোষণা করেছে।
এর আগে বিশ্ব জুড়ে ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত প্রথম আন্তর্জাতিক আদিবাসী দশক পালিত হয়।
