২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাদারটেক আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষের অপসারণ দাবি

রাজধানীর সবুজবাগের মাদারটেক আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অপসারণ দাবি করেছে ছাত্র-ছাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

রাজধানীর বিভিন্ন সড়কে সোমবার ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ মর্তুজা আলী মন্ডলের অপসারণের দাবিতে সভা সমাবেশ করেছে। এসব সভায় অধ্যক্ষকে অবিলম্বে অপসারণ না করা হলে স্কুল ত্যাগের ঘোষণা দিয়েছে তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিডিনিউজকে জানান, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা কলেজ পরিচালনা পরিষদ এবং প্রধানমন্ত্রীসহ সংশ্লিস্ট মন্ত্রণালয়ে অধ্যক্ষ মর্তুজা আলীর দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে একাধিকবার অভিযোগ করেছে।

ওইসব অভিযোগে বলা হয়, মর্তুজা আলী যোগদানের পর হিসাব ছাড়াই কলেজ তহবিল থেকে ৩৩ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যয় করেন।

আরো বলা হয়, প্রকাশকদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে তিনি ২০০৪ সালে বোর্ডের নির্ধারিত বইয়ের বাইরে প্রতিটি ক্লাশের সিলেবাসে ১২টি করে অতিরিক্ত বই অন্তর্ভুক্ত করেন। নিয়ম লঙ্ঘন করে ২০০৫ সালে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য আটজন শিক্ষার্থীকে জনপ্রতি ২০ হাজার টাকার বিনিময়ে এসএসসির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেন। ওইসব টাকা কলেজের তহবিলে জমা না করে তিনি খরচ করেন।

শিক্ষার্থী রানা, সজিব ও ফাহমিদা বলেন, অধ্যক্ষ মর্তুজা সবসময় ছাত্রীদের সাথে অশালীন আচরণ করেন। তার আচরণের কারণে তিন হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে মাত্র ১ হাজার ২০০ শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে রয়েছে। বাকিরা অন্যত্র চলে গেছে।

অবিলম্বে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীহীন হয়ে পড়বে বলে তারা দাবি করেন।

এ ব্যাপারে অবশ্য অধ্যক্ষ মর্তুজা আলী মন্ডলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।