হাইমচরে বিয়ে বাড়িতে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলা, গ্রেফতার এক
সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় চাঁদপুর জেলার হাইমচরে এক বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ রোববার রাতে লতিফ দেওয়ান নামের এক ব্যক্তিকে আটক করেছে।
উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে শনিবার চিন্তেহরনের ২য় মেয়ের বিয়ে ছিল। বিয়ের দিন রাতে হঠাৎ করে জহিরুল ইসলাম কোতোয়াল, ফরিদগাজী, মিরাজসহ ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল চিন্তেহরনের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিয়ে বাড়িতে হামলা চালায় এবং মেহমানদের জন্য তৈরিকৃত খাবার জোরপূর্বক খেয়ে ফেলে। পরে চিন্তেহরন তাদের হাতে-পায়ে ধরে ২ হাজার টাকা দিয়ে বিদায় করে। এসময় সন্ত্রাসীরা এ ঘটনা কাউকে জানালে এর পরিণতি খারাপ হবে বলে শাসিয়ে যায়।
পরদিন রোববার রাতে চিন্তেহরনের ভাই নিরঞ্জন সরকার বাদী হয়ে এ ব্যাপারে হাইমচর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ৮ জনকে আসামি এবং ১৫/২০ জনকে অজ্ঞাত দেখানো হয়।
মামলা দায়েরের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রোববার রতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকা অভিযোগে লতিফকে গ্রেফতার করে। এদিকে মামলা দায়েরের পর থেকে চিন্তেহরন ও তার পরিবার আতংকে রয়েছে। হামলাকারীরা সরকার সমর্থক লোক বলে সূত্র জানায়।
