বরিশালে খাতা জালিয়াতির ঘটনায় একটি স্কুলের পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে ১০ বছরের নিষেধাজ্ঞা জারি
বরিশালের বানারীপাড়ার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১০ বছর বোর্ডের কোন ধরণের পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এসএসসি পরীক্ষায় খাতা জালিয়াতির অভিযোগে গত ৩১ জুলাই বরিশাল শিক্ষাবোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ১০ বছরের জন্যে স্থায়ী নিষেধাজ্ঞা ছাড়াও শিক্ষাবোর্ড বাইশারী স্কুলের শিক্ষক মোস্তফা কামাল, নিরঞ্জন চৌধুরী, সুজিত চক্রবর্তী এবং অফিস সহকারী মতিউর রহমানকে চাকরি থেকে বহিস্কার করেছে। স্কুলের প্রধান শিক্ষককে শাস্তি প্রদান করতে স্কুলের ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন কেন্দ্র সচিবকে আগামী ৫ বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কাজে নিয়োগ না দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ২০০৪ সালের এসএসসি পরীক্ষায় বাইশারী পরীক্ষা কেন্দ্রে ওই স্কুলের প্রধান শিক্ষকের মেয়ের খাতা পরিবর্তন করে মেধাবী ছাত্র মিজানুর রহমানের প্রাপ্ত ফলাফল এ+ জালিয়াতি করে। বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করা হলে মিজানুর রহমানের খাতা পুন:পরীক্ষা করা হয়। এর আগে মিজানের ফলাফলে ফেল দেখানো হয়। গত ১৮ জানুয়ারি শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটি মিজান এসএসসি পরীক্ষায় এ+ পেয়েছে বলে ফলাফল প্রকাশ করে।
