নীলফামারীতে রুদ্ররূপ ধারণ করেছে তিস্তা, ২২ হাজার পরিবার পানিবন্দি
গত দু’দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে রূদ্ররূপ ধারণ করেছে তিস্তা। সোমবার সকাল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম বিডিনিউজকে জানান, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফ্লাড বাইপাস হুমকির মধ্যে রয়েছে। ব্যারেজের ভাটিতে ও উজানে তিস্তাবেষ্টিত ২০টি গ্রামের প্রায় ২২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নিরাপদ স্থানে সরে যাওয়ার মত তাদের কোনও পথ নেই।
রোববার বিকেল থেকে এসব পরিবার জীবনের ঝুঁকি নিয়ে ভিটে আঁকড়ে পড়ে রয়েছে।
সূত্র জানায়, হু হু করে তিস্তার পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। হলদিবাড়ী ও ঘুড্ডিমারীতে তিস্তা গাইড বাঁধ চাপের মধ্যে রয়েছে। যেকোনও মূহুর্তে এই দু’স্থানে তিস্তা গাইড বাঁধ ধসে পড়তে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা সতর্কাবস্থায় রয়েছে বলে জানা গেছে।
