২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ ‘আশ্রয়ন প্রকল্পে‘র বাসিন্দারা চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে

পদ্মার ভাঙ্গনসহ বিভিন্ন কারণে চরম অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা তীরবর্তী ‘বালিয়াকান্দি আশ্রয়ন প্রকল্পে‘র আট শতাধিক মানুষ। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রায় সবগুলো মৌলিক অধিকার থেকেই তারা বঞ্চিত।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 09:58 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ, আর অভাব--অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছে এখানকার হতদরিদ্র মানুষগুলো। তাদের দুঃখ কষ্ট দেখার কেউ নেই।

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা সাংবাদিকদের কাছে তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন।

জানা যায়, ২০০১ সালে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে সরকারিভাবে বালিয়াকান্দি আশ্রয়ন প্রকল্পটি চালু হয়। ১৪টি ব্যারাকে এখানে আশ্রয় নেয় ১৪০টি পরিবার।

আশ্রয়ন কেন্দ্রের কতিপয় বাসিন্দা বিডিনিউজকে জানান, ঘরের সাথে তাদের এক একর জমি এবং এক জোড়া হালের বলদ দেওয়ার কথা ছিল। কিন্তু গত চার বছরেও এখানে আশ্রয় নেওয়া পরিবারের মাঝে জমি ও হালের বলদও দেয়নি, এমনকি ঘরের মালিকানা দলিল পর্যন্ত হস্তান্তর করা হয়নি। অথচ দলিল দেওয়ার কথা বলে তিন বছর আগে কাঞ্চনপুর ভূমি অফিসের নায়েব শচিন বাবু প্রত্যেকের কাছ থেকে একশ’ টাকা করে নিলেও এখন পর্যন্ত তাদেরকে কোনও কাগজপত্র দেয়া হয়নি।

গত দুই বছরে প্রায় আধা কিলোমিটার চরের জমি নদী গর্ভে চলে গেছে। তলিয়ে গেছে আশ্রয়ন প্রকল্পের ছয়টি ব্যারাকের ৬০টি ঘর। বাকি ব্যারাকগুলোও এখন হুমকির মুখে।

এদিকে গত বছর এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে আশ্রয়ন প্রকল্পের ১৫/১৬টি ঘরের চাল উড়ে গেছে যা এখনও লাগানো হয়নি। ঘরগুলো মেরামত করার সামর্থ্য ক্ষতিগ্রস্তদের নেই। নদী ভাঙ্গন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশ অন্যত্র চলে গেছে। আর বাকিরা আশ্রয় নিয়েছে অন্য পরিবারের ঘরে।

আশ্রয়ন প্রকল্পে ৫ থেকে ১২ বছর বয়সী প্রায় আড়াইশ শিশু থাকলেও তাদের লেখাপড়া করার জন্য কোন স্কুল নেই। মাইলখানেক দূরে একটা বেসরকারি স্কুল ছিল। গত বছরের ঝড়ে সেটিও ভেঙ্গে গেছে।

মুমূর্ষ রোগীকেও এখান থেকে ডাক্তার দেখানোর কোনও সুযোগ নেই। কেউ চিকিৎসক দেখাতে চাইলে তাকে প্রথমে সাত কিলোমিটার নদী পার হয়ে ১০ কিলোমিটার রাস্তা ভেঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা নিয়ে যত না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত নদী ভাঙ্গন নিয়ে।