বসুন্ধরা মার্কেটে নিরাপত্তা প্রহরীদের তাণ্ডবে আহত ২০০
নগরীর বসুন্ধরা সিটি মার্কেটে রোববার রাতে কনসার্ট না হওয়াকে কেন্দ্র করে মার্কেটের নিরাপত্তা প্রহরীদের তাণ্ডবে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ২০০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কনসার্ট উপভোগ করতে আসা অনেক মহিলাও রয়েছেন।
সূত্র জানায়, বিশ্ব বন্ধু দিবস উপলক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ আয়োজিত কনসার্টে আসা তরুণ তরুণীরা নির্ধারিত সময়ে কনসার্ট শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়লে নিরাপত্তারক্ষীরা নিরীহ দর্শকদের ওপর হামলা চালায়। কর্তৃপক্ষ কনসার্ট বাবদ টিকিটের দাম রাখে ২৫০ টাকা।
মার্কেটের সাত তলায় কনসার্টটি বিকেল ৫টায় শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৭টা পর্যন্তও তা শুরু না হওয়ায় দর্শকরা প্রতিবাদ করে।
এ ঘটনায় আহত তরুণ সামীর সাজ্জাদ বিডিনিউজকে বলেন, বিশ্ব বন্ধূ দিবস উপলক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ কনসার্টটি আয়োজন করলেও তারা কোনও শিল্পীকে যথাসময়ে আনতে পারেনি। ফলে দর্শকরা উত্তেজিত হয়ে পড়ে।
আহত অপর তরুণী মুন্নি জানান, কনসার্টে বিখ্যাত শিল্পী জেমস, আইয়ুব বাচ্চা, মনির খান সহ অন্যান্য শিল্পীদের গান গাওয়ার কথা ছিলো।
যথাসময়ে অনুষ্ঠান শুরু না হওয়ায় দর্শকরা তাদের টাকা ফেরত চাইলে মার্কেটের প্রায় ১০০ নিরাপত্তা প্রহরীরা নিরীহ দর্শকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা নির্বিচারে লাঠিচার্জ করলে কমপক্ষে ২০০ জন আহত হয়।
এ ঘটনায় মার্কেটে কর্তৃব্যরত পুলিশ সার্জেন্ট জহির, এসআই মিজান এবং শহীদসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
পুলিশরা আনসার সদস্যদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা প্রহরীরা।
তাদের তাণ্ডব থেকে সাংবাদিকরাও বাদ যায়নি। এনটিভির সাংবাদিক শেখ নজরুল ইসলাম ও ক্যামেরাম্যান সজল এবং বিডিনিউজ এর ফটোগ্রাফার ফিরোজ আহমেদ সাজ্জাদও এ ঘটনায় আহত হয়।
বসুন্ধরার নিরাপত্তা প্রহরীরা কয়েকজন আহত ছেলে ও মেয়েদের মার্কেটের আনসার ক্যাম্পে আটকে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর শুনে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহমেদ আলম নামের একজন তরুণ জানান, আহতদের অনেকেই নগরীর বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেছে। ঘটনায় আলম নিরাপত্তা প্রহরীদের তাণ্ডব থেকে কোনক্রমে রক্ষা পান।
ঘটনার সময় নিরাপত্তা প্রহরীরা আহত অনেকের মোবাইল ফোন, ঘড়ি এবং টাকা পয়সা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
মার্কেট নিরাপত্তা প্রহরীদের প্রধান ব্রিগেডিয়ার (অব) ওয়াহিদ এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করেন।
তিনি চিৎকার করে বলেন, বেরিয়ে যান। আমি কোন সাংবাদিকদের সাথে কথা বলতে চাই না।
মার্কেটের জমি সংরক্ষণে প্রায় ২৫০ নিরাপত্তা রক্ষী বর্তমানে কর্মরত রয়েছে।
এ ঘটনার পর শত শত তরুণ মার্কেটের সামনে রাস্তায় নেমে আসে এবং মিছিল করে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে এবং দোষীদের শাস্তি দাবি করে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
