২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে আদিবাসীরা অসাম্প্রদায়িক ও গণমুখী সরকার গঠনে সক্রিয় ভূমিকা রাখবে: সন্তু লারমা

জনসংসহতি সমিতি ও আদিবাসী ফোরাম সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, আগামী নির্বাচনে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের আদিবাসীরা অসাম্প্রদায়িক ও গণমুখী সরকার গঠনে সক্রিয় ভূমিকা রাখবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা একথা বলেন। ৯ আগস্ট অনুষ্ঠেয় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সন্তু লারমা এক প্রশ্নের জবাবে বলেন, জনসংহতি সমিতি ও আদিবাসী ফোরামতো বটেই, আদিবাসীদের নানা সংগঠন আগামী নির্বাচনে দুঃশাসন ও সন্ত্রাসের বিপক্ষে জোরালো ভূমিকা রাখবে। আদিবাসীদের ভূমি ও সাংস্কৃতিক অধিকার টিকিয়ে রাখতেই এটি করা প্রয়োজন।

জোট সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগসহ ১৪ দলের রাজনীতিকে আদিবাসীরা সমর্থন দিচ্ছে কি না Ñ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সময়ই গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠার জাতীয় রাজনীতির মূল স্রোতধারার সঙ্গেই আদিবাসীরা আছে। আগামীতেও এ অবস্থান বজায় রাখা হবে।

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা বলেন, সারাদেশে আদিবাসী নির্যাতন নিপীড়ন চলছেই। চলছে আদিবাসীদের ভূমিগ্রাস করে তাদের অস্তিত্ব বিলীন করার এক ঘৃণ্য রাজনীতি। অন্যদিকে পার্বত্য শান্তিচুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবান হয়নি। উপরন্তু সরকারগুলো চুক্তি লংঘন করে চলেছে। পাহাড়ে এখন চলছে ‘অপারেশন উত্তরণের’ নামে প্রত্যক্ষ সেনা শাসন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবি দাবিগুলোর মধ্যে রয়েছে- আদিবাসীদের আতœনিয়ন্ত্রণের অধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি প্রদান, ঐতিহ্যবাহী ভূমির অধিকারের স্বীকৃতি, আদিবাসী ভূমিতে ইকো পার্ক নির্মাণ ও বন বিভাগের নির্যাতন বন্ধ, পার্বত্য শান্তিচুক্তি যথাযথ বাস্তবায়ন, পাহাড়ে রাজনৈতিক উদ্দেশ্যে পাহাড়ি-বাঙালির সংখ্যাগত ভারসাম্য তৈরির তৎপরতা রোধ, সমতলের আদিবাসীদের জন্যে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের নিজ ভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আদিবাসী লেখক সঞ্জিব দ্রং, জনসংহতি সমিতি নেতা লক্ষ্মীপ্রসাদ চাকমা, খাসিয়া নেতা জুহিনল খাসিয়া, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী চৈতালি ত্রিপুরা এবং খাসিয়া নেত্রী নেরোলা তংসং।