২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাচারির অভাবে বিকশিত হচ্ছে না টঙ্গী-গাজীপুরের পোল্ট্রি শিল্প

টঙ্গী এবং গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় সরকারি ও বেসরকারি মুরগীর খামারগুলোতে সোনালী জাতের মুরগীর বাচ্চা উৎপাদনের লক্ষ্যে অদ্যাবধি হ্যাচারি স্থাপিত না হওয়ায় এবং জেলার সরকারি ও বেসরকারি হাঁসমুরগীর খামারে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না থাকায় বিপুল সম্ভাবনাময় পোল্ট্রি শিল্পগুলো পরিপূর্ণভাবে বিকশিত হতে পারছে না।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:15 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

জানা যায়, পোল্ট্রি শিল্পের উন্নয়নের স্বার্থে স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে হ্যাচারি স্থাপনের দাবি জানিয়ে আসছিল।

কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

পোল্ট্রি খামার মালিকদের চাহিদা অনুযায়ী একদিনের সোনালী জাতের মুরগীর বাচ্চার সরবরাহ নিশ্চিত না হওয়ায় অনেকে এখন এ শিল্প থেকে তাদের পুঁজি উঠিয়ে নেয়ার কথা ভাবছেন।

এর ফলে এ ব্যবসায় নিয়োজিত ২০/৩০ হাজার বেকার যুবকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

ইতোমধ্যে শ্রীপুর অঞ্চলে গড়ে ওঠা অধিকাংশ পোল্ট্রি খামার বন্ধ রয়েছে পুঁজির অভাবে।

জানা যায়, প্রয়োজনীয় অর্থের অভাবে খামারের মুরগীর খাদ্য ক্রয়সহ অন্যান্য খরচ মেটাতে খামার মালিক ও ব্যবসায়ীদের অনেক টাকা ধার করতে হয়।

এ অঞ্চলে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ ডিম উৎপাদন হয়। কিন্তু হ্যাচারির অভাবে এই ডিমগুলো চলে যায় ঢাকার মিরপুর, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায়।

অনেক সময় খামারিদের অতিরিক্ত পরিবহন (ক্যারিং) খরচ মেটাতে গিয়ে লাভের পরিমাণ কমে যায়। নিজস্ব হ্যাচারি থাকলে তাদের এ পরিবহন খরচ করতে হত না।

টঙ্গী--গাজীপুরের পোল্ট্রি ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, পুরো জেলায় প্রায় দুই লাখ মুরগীর বাচ্চার চাহিদা রয়েছে। অথচ সরবরাহ হয় মাত্র ৭০/৮০ হাজার। ফলে বাচ্চার পরিপূর্ণ চাহিদা মেটে না। এ কারণে বাচ্চার অভাবে অনেকে বাধ্য হয়ে ডিম পাড়া মুরগী পালন করে।

অপরদিকে দেশীয় আবহাওয়ায় সহজেই খাপ খাওয়ানো সোনালী জাতের মুরগী পালন অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানকার অধিকাংশ পোল্ট্রি খামারই সোনালী জাতের মুরগী পালন করে।