২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিন্টরু মৃত্যুদন্ডাদেশ মওকুফের সকল নথিপত্র প্রকাশের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

৭ আগস্টের মধ্যে মহিউদ্দিন আহমেদ ঝিন্টরু মৃত্যুদন্ডাদেশ মওকুফের সকল নথিপত্র ও তথ্যাদি প্রকাশের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ ) মঙ্গলবার সরকারের প্রতি দাবি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

দুটি হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত ঝিন্টুর রাজনৈতিক ক্ষমার প্রতিবাদে সমিতির দক্ষিণ মিলনায়তনে  অনুষ্ঠিত এক জরুরী সাধারন সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ।

সভার মাধ্যমে জানানো হয়, সরকার এই দাবি মানতে ব্যর্থ হলে ৮ আগস্ট  বিক্ষোভ প্রদর্শন করা হবে।

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম জানান, ঝিন্টুর রাজনৈতিক ক্ষমা সম্পর্কে অনেক কথাবার্তা হয়েছে  আর এ নাটক তৈরি করেছে সরকার নিজেই।

তিনি বলেন, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ হচ্ছেন এই নাটকের পরিচালক, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন প্রযোজক এবং রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদ হচ্ছেন মেকাপ ম্যান। এই ধরনের লজ্জাকর ঘটনা যদি অন্য কোন দেশে ঘটত, তবে তা প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে সরকার পদত্যাগ করত।

সভার মাধ্যমে ঝিন্টুর রাজনৈতিক ক্ষমার আদেশ প্রত্যাহর এবং কর্নেল তাহেরসহ সকল সামরিক ও বেসামরিক ব্যক্তির মামলার নথিপত্র, দলিল দস্তাবেজ ও তথ্যাদি প্রকাশের দাবি জানানো হয়।

 সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এ আমীর- উল- ইসলাম, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আবদুল বাসেদ মজুমদার,  ব্যারিস্টার কাজী ফারুক, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এসসিবিএ সাধারন সম্পাদক ইনায়েতুর রহমান এবং এসএএসপি সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।