শ্রাবণের খরায় পুড়ছে নীলফামারী
মধ্য শ্রাবণের খরায় পুড়ছে নীলফামারী। আকাশে ঘন কালো মেঘের আনাগোনা থাকলেও গত ১৬ দিন ধরে দেখা নেই বৃষ্টির।
গোটা আষাঢ় মাসে এবারে নীলফামারী জেলায় ছয় শ’ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হলেও শ্রাবণের ১৬ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র এক শ’ ৯৭ মিলিমিটার। অথচ গত বর্ষা মৌসুমে আষাঢ় ও শ্রাবন মাসে বৃষ্টিপাত হয়েছিল এক হাজার দুই শ’ ৭০ মিলিমিটার।
জানা যায়, জমিতে পানির অভাবে আমন চারা রোপন করতে না পেরে হাহাকার শুরু হয়েছে কৃষকের মাঝে। প্রথম আষাঢ়ে রোপিত আমন চারা প্রখর রোদে বিবর্ণ হয়ে পড়েছে এবং রোপা আমন ক্ষেত আগাছায় ভরে গেছে ।
আমন চারা রোপনের উপযুক্ত সময়ে বৃষ্টিপাত না হওয়ায় জেলার কৃষক এ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার ১৯ হাজার এক শ’ ৬৩ হেক্টর জমিতে চারা রোপন করতে না পারায় শংকিত হয়ে পড়েছে কৃষকরা।
নীলফামারী পৌর এলাকার মধ্য হাড়োয়া গ্রামের কৃষক আফসার আলী বিডিনিউজকে জানান, তিনি চার একর আবাদি জমির মধ্যে প্রথম আষাঢ়ের বর্ষনে তিন একর জমিতে চারা রোপন করতে পেরেছেন। কিন্তু শ্রাবণ মাসে সামান্য বৃষ্টি হওয়ায় জমিতে পানি জমেনি। এ কারণে ওই জমিতে চারা রোপন অনিশ্চিত হয়ে পড়ায় তিনি দুশ্চিন্তায় পড়েছেন।
এদিকে, রোপন করা আমন চারা বাঁচাতে ও আবাদি পতিত জমিতে চারা রোপন করতে সেচ পাম্প, অগভীর নলকূপ ও গভীর নলকূপ চালানোর পরামর্শ দিতে নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ কর্মীরা মাঠে নামলেও পাম্পে বিদ্যুৎ সংযোগ না থাকা ও ডিজেল সংকটের কারনে বিপাকে পড়েছেন কৃষকরা।
