২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দলীয় নেতা কর্মীরা অবৈধভাবে দখল করেছে যশোরের পুড়াখালী বাওড়

সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীরা উপজেলা মৎস্য অফিসের প্রচ্ছন্ন সহযোগিতায় মৎসাজীবী ও ভূমিহীন সেজে যশোরের অভয়নগর উপজেলার ৫৬০ বিঘা আয়তনের পুড়াখালী বাওড়টি নিজেদের দখলে রেখে নির্বিঘ্নে লুটপাট চালাচ্ছে বলে সুবিধাবঞ্চিত প্রকৃত মৎস্যজীবী ও ভূমিহীনরা অভিযোগ করেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 01:44 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য অফিসকে সুপারিশ করলেও তা উপেক্ষা করা হচ্ছে।

এদিকে বাওড় উন্নয়ন ও বনায়নের জন্য সম্প্রতি এলসিএস’র দেওয়া ১৮ লাখ টাকাও ওই দখলদাররা ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প (ইফাদ) ২০০০ সালের ১ জুলাই থেকে পুড়াখালী বাওড়ে মৎস্য চাষ সম্প্রসারণের জন্য তাদের কার্যক্রম শুরু করে। শুরু হয় বাওড়টির সদস্য সংগ্রহ। প্রচলিত নীতিমালা অনুযায়ী বাওড়ের সদস্য হবেন স্থানীয় মৎসজীবী কিংবা ভূমিহীন (দশমিক ৫ একরের কম জমি), তার বাড়ি হতে হবে বাওড়ের এক কিলোমিটারের মধ্যে, মোট সময়ের ৭৫ শতাংশ বাঁওড়ের ব্যয় এবং তার বার্ষিক আয় হতে হবে অনুর্ধ্ব ৩০ হাজার টাকা। কিন্তু উপজেলা জলমহাল কমিটি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিভিন্ন সরকার দলীয় নেতাকর্মী, স্কুল-কলেজের ছাত্র এবং স্থানীয় প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিদের বাওড়ের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।

এ অবস্থায় বঞ্চিত প্রকৃত মৎস্যচাষী এবং ভূমিহীনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা জলমহাল কমিটির নির্দেশে উপজেলা জলমহাল কমিটি ২০০১ সালের ৪ এপ্রিল মৎস্যজীবীদের তালিকা পুনরায় যাচাই বাছাই করে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বর্তমান বাওড় ব্যবস্থাপনা কমিটির (বিএমসি) সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৩২ জনকে তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। কিন্তু ওই সুপারিশ কার্যকর করছে না উপজেলা জলমহাল কমিটি।

অবৈধ দখলদার বাওড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে চরমপন্থীদের গভীর সখ্যতা এবং সরকারি দলের প্রশ্রয় থাকায় সাধারণ মৎস্যজীবিরা তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না বলে সুবিধা বঞ্চিত মৎসজীবী ও ভূমিহীনদের অভিযোগ। তারা জানায়, বর্তমান উপজেলা মৎস্য কর্মকর্তা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তদন্ত কমিটির ওই সুপারিশ ধামাচাপা দিয়ে রেখেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অলিউর রহমান বিডিনিউজকে বলেন, পুড়াখালী বাওড়ে কিছু অনিয়ম নেই তা নয়। তবে দুর্নীতি আগের থেকে কমে এসেছে। ৩২ জনকে বাদ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, প্রকল্পের মেয়াদ শেষের পথে। এখন নতুন করে অর্ন্তভুক্ত হয়ে তেমন কিছু হবে না।

অনুসন্ধানে জানা গেছে, মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প (ইফা) শর্ত অনুযায়ি চলতি বছরের জুনে মেয়াদ শেষ হলেও দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে। স্থায়ীভাবে দখলে রাখার উদ্দেশ্যে তারা প্রশাসনে জোর তদবির করছে বলেও অভিযোগ রয়েছে।

প্রচলিত নিয়মের তোয়াক্কা না করে কার্যক্রম শুরুর সাড়ে তিন বছর পর ২০০৩ সালের নভেম্বর মাসে সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখায় বাওড়ের নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়।

অভিযোগ রয়েছে, ২০০৩-০৪ অর্থবছরে বাওড়ের সাত লাখ ৪৯ হাজার টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া বাওড়ের হাজিবন (আগাছা) পরিষ্কারের ৯০ হাজার টাকা এবং মামলা পরিচালনার জন্য সদস্যদের কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকা। (প্রত্যেক সদস্যের কাছ থেকে ১৮৫ টাকা) আত্মসাৎ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে সম্প্রতি ওই বাওড়ে বনায়ন ও মাটি ভরাটের জন্য এলসিএস’র (ল্যান্ড লেস লেভার কন্টটিং সোসাইটি) প্রায় ১৮ লাখ টাকা প্রদান করে। কিন্তু ওই টাকাও অবাধে লুটপাট হয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, বাওড় এলাকায় সর্বোচ্চ দুশ‘ চারা গাছ লাগানো হয়েছে। অথচ ১৮শ গাছ লাগানোর জন্য ওই টাকা দেওয়া হয়।

অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে বাওড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শ্রীধরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নওয়াব আলী সরদার এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান শেখ বিডিনিউজকে জানান, বাপ-দাদারা বড়লোক এটা ঠিক। তবে আমরা ভূমিহীন। সদস্যদের অভিযোগ এবং টাকা আত্মসাতের ঘটনা সঠিক নয়।

উপজেলা জলমহাল কমিটির সভাপতি ও নির্বাহি কর্মকর্তা মোহম্মদ আমিন বিডিনিউজকে বলেন, সপ্তাহ খানেক আগে জেনেছি যে, বাওড় ব্যবস্থা কমিটি থেকে তদন্ত কমিটি কর্তৃক সুপারিশকৃত ৩২ জনকে এখনো বাদ দেওয়া হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা এ অনিয়মের সাথে জড়িত রয়েছে বলে তার কাছেও অভিযোগ এসেছে। অল্প সময়ের ভিতর আমি মিটিং ডেকে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

যশোর জেলা জলমহাল কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ওয়াজেদের নিকট অনিয়মের ব্যাপারে জাতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।