শিল্পপতি আলম ও তার ৩ গৃহপরিচারিকা হত্যা মামলায় ২ জামাতাসহ ১১ জনের মৃত্যুদণ্ড
রাজধানীর জুরাইনে শিল্পপতি মোহাম্মদ আলম ও তার তিন গৃহপরিচারিকা হত্যা মামলার রায়ে আদালত আলমের দুই জামাতাসহ ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে আবার ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ছয়জনকে বিভিন্ন মেয়াদের সাজা এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়। মামলার ১৯ আসামির মধ্যে কাঠাল হাজী নামে একজন মামলা চলাকালে মারা যায়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে: আলমের জামাতা মতিউর রহমান মতিন ও মো. মোহাম্মদ আলী বাবুল হাসান ওরফে জামাই বাবু, আলমের গৃহপরিচারিকা ফরিদা, ও জাহানারা বেগম এবং কবির, সোহেল, সোহাগ ব্যাপারি, বাবুল ওরফে বাবু, ইউসুফ, দুলাল ও আল আমিন। এদের মধ্যে দুলাল ও আল আমিন পলাতক রয়েছে।
আসামিরা ইচ্ছে করলে এ রায়ের সাতদিনের মধ্যে আপিল করতে পারবে।
মামলার অন্য দণ্ডাদেশপ্রাপ্তরা হলো-শিউলি আক্তার, রাব্বাত আলী ওরফে বাচ্চু। এ দজনকে মামলার আলামত গোপন করার অপরাধে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে। এ দুজনকে চোরাই মাল গ্রহণ ও রক্ষণের অভিযোগে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আসামি আব্দুর রহমান এবং আসমা রহমানকে জেনেশুনে চোরাই মাল রাখার দায়ে তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
চুরির অপরাধে আলাউদ্দিনকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও একবছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তার ইতোমধ্যে হাজতবাসের মেয়াদ সাজা থেকে বাদ যাবে।
মামলার একমাত্র খালাসপ্রাপ্ত আসামি লতিফ খান। তার বিরুদ্ধে কোন সাক্ষীই কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
মামলার বিবরণে জানা যায়, জুরাইন আলম মার্কেটের মালিক ও শিল্পপতি মোহাম্মদ আলম এবং তার তিন গৃহপরিচারিকাকে ২০০২ সালের ১ জানুয়ারি তার জুরাইনস্থ বাসায় হত্যা করা হয়। হত্যাকারীরা তার কয়েক কোটি টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিস নিয়ে যায়। এঘটনায় জামাই মতিন বাদি হয়ে শ্যামপুর থানায় মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকালে সিআইডি আলমের গৃহপরিচারিকা ফরিদাকে গ্রেফতার করলে সে স্বীকার করে, আলমের দুই জামাতাই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। অন্য আসামিরাও আদালতে স্বীকারোক্তি দেয়। সিআইডি তখন প্রথম মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করে ২০০২ সালের ১৮ জুলাই। এবং ২০ জুলাই আলমের দুই জামাতাসহ ২৪ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা দায়ের করে।
সিআইডি ২০০৩ সালের ১৮ আগস্ট ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার বিচার শুরু হয় প্রথমে ঢাকার ১ম দ্রুতবিচার ট্রাইব্যুনালে। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারক শাহেদ নূর উদ্দিন বিচার শেষ করতে না পারলে মামলাটি আইন অনুযায়ী ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ অদালতে বিচারের জন্যে বদলী করা হয়। ১১ জুলাই মামলাটির রায় ঘোষণার দিন ধার্য থাকলেও বিচারক রবিউল হাসান সমস্ত সাক্ষ্য পর্যালোচনা করে রায় প্রস্তুত করা সম্ভব হয়নি মন্তব্য করে তারিখ পিছিয়ে দেন।
রোববার ১১৮ পৃষ্ঠার রায়ের শুধুমাত্র আদেশের অংশ বিচারক পড়ে শোনান। রায় ঘোষণার পর আলমের তিন পুত্র জহির আলম খোকন, বদরে আলম লাবু এবং নুরে আলম বাবুল রায়ের দ্রুত কার্যকারিতা কামনা করেন।
এ সময় ফাঁসির আসামি জামাই মতিনকে দীর্ঘ ২০ মিনিট মোনাজাতরত অবস্থায় দেখা যায়।
