দেশে নির্যাতিত নারীদের শতকরা ৬৬ ভাগই পারিবারিক নির্যাতনের শিকার : কর্মশালায় বক্তারা
গত বছর নির্যাতিত নারীদের মধ্যে শতকরা ৬৬ ভাগই পারিবারিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন।
এছাড়া ২০০৪ সালে মোট ১১ হাজার ১৬৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটলেও মামলা হয়েছে মাত্র ৮২৭টি ঘটনায়।
শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিউটে (পিআইবি) মিলনায়তনে এক কর্মশালায় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী এ তথ্য জানান।
কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের ‘আলোকিত মানুষ প্রকল্প’ এ পরামর্শক কর্মশালার আয়োজন করে।
এতে পারিবারিক পর্যায়ে নারী নির্যাতন রোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহমুদা ইসলাম। সভাপতিত্ব করেন ড. হামিদা আকতার বেগম।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ব্লাস্ট’র উপ পরিচালক অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, রোকেয়া সুলতানা, সাংবাদিক মাহমুদা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউএফডি’র উপ পরিচালক জহুরা ফাতেমা।
প্রবন্ধে বলা হয়, পারিবারিক নির্যাতন দৃশ্যমান নয় বলে অনেক ক্ষেত্রে এই নির্যাতনের বিষয়টি উপলব্ধি করা যায় না। ৯০’র দশক পর্যন্ত নারীর ওপর সহিংসতা বিষয়ে খুব একটা আলোচনাও হতো না।
প্রবন্ধে আরও বলা হয়, শুধুমাত্র দৈহিক আঘাতই নারীর ওপর নির্যাতন নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয়। অথচ শারীরিক নির্যাতনের ঘটনা ঘটলেই আমরা বিচারের দ্বারস্থ হই। এ দেশের অধিকাংশ সামাজিক রীতি-নীতি নারী বিরোধী।
কর্মশালায় পারিবারিক পর্যায়ে নারী নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান আয়োজকরা।
