২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যানজট নিরসনে বিক্ষুব্ধ জনতার ব্যতিক্রমী সমাবেশ

গাইবান্ধা জেলা শহরের সীমাহীন যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণের দাবিতে বিক্ষুব্ধ জনতা শনিবার রেলওয়ে স্টেশন জামে মসজিদ চত্বরে এক ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 03:02 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

গাইবান্ধা বিকল্প সড়ক বাস্তবায়ন কমিটির আহবানে সংগঠনের আহবায়ক আলমগীর বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সকল রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থাপন করা দাবিগুলোর মধ্যে আছে-গাইবান্ধা রেল স্টেশনের নতুন আধুনিক প্লাটফরম নির্মাণ করে গোডাউন রোড থেকে স্টেশন রোডের মধ্যে পূর্ব-পশ্চিম সংযোগ স্থাপনকারী বিকল্প সড়ক, ১ নং রেলগেট থেকে রেলস্টেশন পর্যন্ত রেললাইনের পাশাপাশি সংযোগ সড়ক এবং গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ওপর দিয়ে সাদুল্যাপুর সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ করা।

সমাবেশে উল্লেখ করা হয়, এসব বিকল্প সড়ক নির্মাণ করা হলে শহরের একমুখী সম্প্রসারণ রোধ করে বহুমুখী সম্প্রসারণ সম্ভব হবে। এছাড়া জনগণ যানজটের কবল থেকে মুক্ত হবে এবং ব্যস্ততম ডিবি রোডের ওপর যানবাহনের চাপ হ্রাস পাবে। এবং রেলওয়ে স্টেশনের প্লাটফরমের উত্তর পার্শ্বে পতিত জমিগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।