কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএসএফের গুলিতে কিশোর আহত, বিডিআরের কড়া প্রতিবাদ
ুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমিতে বুধবার বিএসএফ’র গুলিতে মাছুম মিয়া (১৪) নামে এক কিশোর আহত হয়েছে।
আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিডিআরের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের ইউনুস মিয়ার পুত্র মাছুম জিরো লাইন সংলগ্ন তেতাভূমিতে ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এ বিষয়ে বিডিআর’র ১১ ব্যাটালিয়নের কমান্ডার কর্নেল নেছার আহমদ জানান, এ বিষয়ে তাৎক্ষনিকভাবে কোম্পানী পর্যায়ে বিএসএফ’র কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
