পল্লবী থানার ওসি ও দারোগাসহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
গৃহবধূ হোসনে আরাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগ এনে নগরীর পল্লবী থানার ওসি নূরুল আমিন ও দারোগা শাহজাহানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের বড় বোন নাজমা বেগম।
ঢাকার মুখ্য মহানগর হাকিম এ জে এম আবদুল্লাহ হেল বাকী মামলাটি গ্রহণ করে গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনারকে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, অভিযুক্ত বাপ্পী খান গত বছরের ১৭ জুন ভোলা জেলার এক নোটারি পাবলিকের অফিসে হলফ করে গোপনে হোসনে আরাকে বিয়ে করে। পরের দিন কাজী অফিসে আশি হাজার এক টাকা দেনমোহরে এই বিয়ে রেজিস্ট্রি করা হয়। কিন্তু এই গোপন বিয়ের খবর হোসনে আরার পরিবার জেনে যায় এবং তারা এই বিয়ে মেনে নেয়। অন্যদিকে বাপ্পীর পরিবার বিয়ে অস্বীকার করে। পরবর্তীতে তিন লাখ টাকা যৌতুক দিলে তারা এ বিয়ে মেনে নেবে বলে জানায়। কিন্তু হোসনে আরার পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে বাপ্পী, তার বাবা-মা এবং অন্যান্য আত্মীয় স্বজন মিলে হোসনে আরাকে বাড়ি থেকে বের করে দেয়।
পরবর্তীতে নিরুপায় হোসনে আরা গার্মেন্টেসে চাকরি নেয় এবং পল্লবীর বালুর মাঠে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে। কিন্তু এ খবর জানতে পেরে বাপ্পী ও তার বাবা-মা ওই বাসায় যাতায়াত শুরু করে এভং যৌতুক দাবি করে। চলতি বছরের ২৬ জুন বাদিনী নাজমা বাপ্পী এবং তার বাবা-মাকে দাওয়াত করে। সেখানে বাদিনীর সাথে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হোসনে আরাকে অভিযুক্তরা নিজেদের বাসায় নিয়ে যায়। পরের দিন বাদিনী খবর পান যে তার বোন সিলিংয়ের সাখে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নাজমা বেগম বিষয়টি থানায় জানালে পল্লবী থানা পুলিশ জোর করে সাদা কাগজে তার স্বাক্ষর নেয় এবং লাশ দায়ন করে ফেলে। মামলা করতে গেলে পুলিশ বাদিনীকে ফিরিয়ে দেয়। বাদিনী তার মামলায় বলেন, যৌতুকের লোভে সুপরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করা হয়েছে।
সোমবার আদালতে হোসনে আরার লাশ উত্তোলন করে ময়না তদন্তের প্রার্থনা করা হলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনে লাশ উত্তোলন করে পুনঃময়নাতদন্তের নির্দেশ দেন।
বাদিনীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।
