২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন করেই পার্বতীপুরে আদিবাসীদের পুনর্বাসন করা হবে: সমাবেশে নেতারা

আদিবাসী নেতারা দিনাজপুরের পার্বতীপুরে উচ্ছেদ হওয়া ৭৭টি সাঁওতাল পরিবারের অবিলম্বে পুনর্বাসন দাবি করেছেন। তারা বলেন, আন্দোলন করেই সেখানে সরকারি আশ্রায়ন প্রকল্প বন্ধ করে আদিবাসীদের পুনর্বাসন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার আয়োজিত এক সমাবেশে আদিবাসী নেতারা এ কথা বলেন। উত্তরবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এতে অংশগ্রহণ করে ঢাকায় বসবাসকারী সাঁওতাল, ওঁরাও, গারো, চাকমা, ত্রিপুরাসহ বিভিন্ন আদিবাসীরা।

আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আদিবাসী লেখক সঞ্জিব দ্রং তার বক্তব্যে বলেন, উন্নয়নের নামে আদিবাসীদের এভাবে নিজ বসতভিটা থেকে উচ্ছেদ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জমির ওপর আদিবাসীদের রয়েছে ঐতিহ্যগত অধিকার।

তিনি বলেন, আদিবাসীরা সরকারের কাছে বিচার পায় না। রাজনীতিবিদরা আদিবাসীদের নিয়ে খেলা করে। একমাত্র নাগরিক সমাজ ও সংবাদ মাধ্যমই আদিবাসীদের প্রকৃত বন্ধু।

সাঁওতাল নেত্রী আন্না মিনজী বলেন, আর কত বছর ধরে আদিবাসীরা এ ভাবে মার খাবে? তিনি প্রশ্ন রাখেন, আমরা কি এদেশের নাগরিক নই? আমাদের কি অধিকার নেই অন্য সাধারণ নাগরিকের মতো মাথা উঁচু করে বাঁচবার?

সমাবেশে সংহতি বক্তব্যে বিশিষ্টি নাট্যকার মামুনুর রশিদ বলেন, শুভবুদ্ধির মানুষের উচিত হবে এখনই আদিবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকারের আন্দোলনকে সফল করা।

আদিবাসী নেতা যোশেফ মহিপাল মালোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দুলাল এস. টুডু, নির্মল রোজারিও, মাথাই টুডু, অধ্যাপক আলবার্ট সরেন, সুরেন্দ্র নাথ সরদার, হিরন মিত্র চাকমা প্রমুখ।