২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর বানভাসি ৩০ হাজার মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে, ডায়রিয়ায় আরও ৩ জনের মৃত্যু

জেলার অভ্যন্তরে প্রবাহিত ১০টি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি ঘটেছে। নদীগুলো হচ্ছে- তিস্তা, বুড়িতিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, নাউতারা, যমুনেশ্বরী ও চিকলি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বূধবার গভীর রাতে তিস্তার পানি আকস্মিকভাবে বাড়তে শুরু করে। বৃহস্পতিবার ভোর ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫৫ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

কালিগঞ্জ জিরো পয়েন্ট থেকে লালমনিরহাটের পারুলিয়া হয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পর্যন্ত তিস্তা বাঁধের ভেতরে এক’শ কিলোমিটার এলাকাজুড়ে বসবাসকারী প্রায় ৩০ হাজার মানুষের ঘরবাড়ি বানের পানিতে তলিয়ে গেছে। এসব ঘরবাড়িতে ঘরের চাল পর্যন্ত পানি উঠে যাওয়ায় বানভাসি লোকজন বিভিন্ন উঁচু স্থানে আশ্রয়ের আশায় ছুটছে।

জলঢাকা উপজেলার হলদিবাড়ী এলাকায় ঝুঁকিপুর্ণ তিস্তা ডানতীর বাঁধের প্রায় ৬ হাজার ফুট এলাকার ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলছে ও বাঁশের পাইলিং নির্মাণ করছে। তিস্তা ব্যারেজের উজানে ঝাড়সিংহেশ্বর এলাকায় ২ ও ৩ নম্বর স্পারের মধ্যবর্তী স্থানে তিস্তার উত্তাল ঢেউ চরম আঘাত হানছে। যে কোন মুহূর্তে বাঁধটি ধসে পড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

এদিকে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। বুধবার এ রোগে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হওয়ায় গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়-এ।

স্বাস্থ্য বিভাগের সূত্র অনুয়ায়ী গত ২৪ ঘন্টায় শুধু সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ জন রোগী। বেসরকারী হিসেবে গোটা জেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেলেও স্বাস্থ্য বিভাগ তিন হাজার ৮৪ জন আক্রান্তের কথা স্বীকার করে জানিয়েছে, ডায়রিয়া নিয়ন্ত্রণে জেলার ছয়টি উপজেলায় ৭০টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়াও প্রতিটি উপজেলায় একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

সদর উপজেলার পলাশবাড়ি ও খোকশাবাড়ি ইউনিয়নে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেখানে দু’টি ডায়রিয়া ক্যাম্প খোলা হয়েছে। রোগীরা সরকারী হাসপাতালগুলোতে ডায়রিয়া ওয়ার্ডের মেঝে এমনকি বারান্দায় স্থান না পেয়ে অনেকে হাসপাতাল চত্বরে রিকশা ভ্যানে শুয়ে চিকিৎসা নিচ্ছে।