২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফাদ’র অর্থসাহায্যে পরিচালিত প্রকল্পের ফলাফল পর্যালোচনা করা হবে

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থসাহায্যে দেশে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর ফলাফল ২৪ থেকে ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় এক গোলটেবিল কর্মশালায় পর্যালোচনা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ইউএনডিপি’র এক বিবৃতিতে বৃহস্পতিবার জানা যায়, অর্থ মন্ত্রণালয় এবং ইফাদ যৌথভাবে  দুদিনব্যাপী এ গোলটেবিল কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ইফাদ ও এর প্রকল্প সংশ্লিষ্ট ১০০ ব্যক্তি-প্রতিষ্ঠান, উন্নয়ন পেশাজীবী এবং সিদ্ধান্তপ্রণেতা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এতে এদেশে ইফাদের সদ্যসমাপ্ত  প্রকল্পসমূহের মূল্যায়নের ওপর আলোকপাত করা হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এ কর্মশালার উদ্বোধন করবেন এবং এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী।

দুদিনব্যাপী এ কর্মশালায় কৃষি, মৎস্য ও পশুসম্পদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব ব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাপান, নেদারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও এ কর্মশালায় অংশ নিচ্ছেন।

যৌথভাবে এ কর্মশালা পরিচালনা করবেন ইফাদ’র প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের সহ-সভাপতি জেমস ক্যারুথারস এবং মূল্যায়ন বিভাগের পরিচালক লুসিয়ানো ল্যাভিজারি।

কর্মশালায় গত ১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত ইফাদ’র কার্যক্রম সম্পর্কে প্রাপ্ত তথ্য এবং সুপারিশ পর্যালোচনা করা হবে এবং একটি নতুন কৌশলপত্র প্রণয়নে পারস্পরিক সমঝোতার উন্নয়ন ঘটানো হবে।

২০০৬ সালের শুরুতে ইফাদের নির্বাহী পরিষদের কাছে যে কৌশলপত্র পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দারিদ্র্য বিমোচনে সরকার প্রণীত জাতীয় কৌশলপত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দারিদ্র্য বিমোচনে সরকারি কৌশলপত্রও ২০০৬ সালে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ ইফাদের কাছ থেকে থেকে ২২টি ঋণ নিয়েছে, যা ইফাদ’র সাহায্যের আওতাধীন অন্যান্য দেশের চেয়ে বেশি। এর অর্থসাহায্যে পরিচালিত প্রকল্পগুলো পল্লী এলাকার সবচেয়ে বেশি বিপন্ন জনগোষ্ঠীর ব্যাপারে জোর দিয়েছে।