২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় আষাঢ়ী পূর্ণিমা উদ্যাপিত

যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ সম্প্রদায় বুধবার তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্নিমা উদযাপন করেছে। এ উপলক্ষ্যে রাজধানি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের বৌদ্ধবিহারে আলোচনা সভা, রক্তদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, বুদ্ধপূজা, সমবেত প্রার্থনা, পিণ্ডদান, শীলগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের কাছে এক তাৎপর্যপূর্ণ তিথি। আষাঢ়ী পূর্ণিমায় জগতের ভাবী ভগবান বুদ্ধ মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ করেন। ২৯ বছর বয়সে বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন আষাঢ়ী পূর্ণিমার তিথিতে। প্রথম ধর্মদেশনার মাধ্যমে ধর্মচক্রের প্রবর্তন করেন আষাঢ়ী পূর্ণিমায়। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপি বর্ষাব্রত শুরু হয় আষাঢ়ী পূর্ণিমা থেকে। 

দিবসটি উপলক্ষ্যে রাজধানীর ধর্মরাজিক আন্তর্জাতিক উপসনালয়ে ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্বশান্তি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সেখানে প্রভাতফেরি, শীল গ্রহণ, সমবেত উপাসনা, বুদ্ধপূজাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, মহানগরের নন্দনকানন বৌদ্ধ বিহার, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, পূর্ণচর আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মোমিন রোডের সার্বজনীন বৌদ্ধ বিহার, আগ্রাবাদের বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়েছে। 

পার্বত্য চট্ট্রগাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লার বৌদ্ধ সম্প্রদায় অধ্যুষিত এলাকায় আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।