২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল কমিশনের সুপারিশ বাস্তবায়নে শিগগিরই সরকারি পদক্ষেপ

দেশের বিভিন্ন কারাগারের অবস্থার উন্নতির জন্য আশির দশকে গঠিত জেল কমিশনের সুপারিশসমূহের বেশিরভাগই এতদিন রাজনৈতিক কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, জেল সংস্কার কমিশনের সুপারিশক্রমে কারাগারগুলোর অবস্থা উন্নতি করার লক্ষ্যে সরকার এ বছর নভেম্বরে জেল সংস্কার বিষয়ক একটি জাতীয় কনভেনশনের আয়োজন করবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বুধবার বিডিনিউজকে বলেন, সরকার ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল থেকে তাদের জেল সংস্কার সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে।

তিনি বলেন, বর্তমান সরকার বাজেট বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে বন্দিদের খাবারের মান বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, আমরা বন্দিদের জন্য টেলিভিশন, ফ্যান ও মশারি দিয়েছি। আমরা আইনি সহায়তার মাধ্যমে অনেক দরিদ্র বন্দিকে জেল থেকে মুক্তি দিয়েছি এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, জেলের পরিবেশ উন্নয়নের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে জেল কমিশন গঠন করেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর কোনও সরকারই কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

সূত্র জানায়, বর্তমান সরকার জেল কমিশনের ওই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

সূত্র জানায়, সরকার পুরনো জেল কোড সংশোধন ও উন্নতির জন্য কাজ করছে।

বন্দিদের সশরীরে আদালতে হাজির করা ছাড়াই বিচার কাজ চালিয়ে যাওয়ার জন্য ভিডিও সংযোগ স্থাপনের কাজ করে যাচ্ছে একটি কমিটি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে প্রধান করে এ  কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া সরকার খুব শিগগিরই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে সরিয়ে নেয়ার কাজ শুরু করবে বলে সূত্র জানায়।

এ জন্য ভূমি রিক্যুজিশন, বাজেট বরাদ্দের প্রক্রিয়া এবং এর নকশা তৈরি ইতোমধ্যেই শেষ হয়েছে।

সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৬০০ বন্দি ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে ১২ হাজারের বেশি বন্দি ঠাসাঠাসি করে মানবেতর দিন কাটাচ্ছে।

জেল সংস্কার সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির প্রধান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বুধবার তার সচিবালয়ের কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে জেল সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সূত্র জানায়, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবদ্বয় এসময় উপস্থিত ছিলেন বলে ।