২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে যৌন ব্যবসায় জড়িত বাংলাদেশীসহ তিন মহিলা আটক

ভারতের গোয়া রাজ্যে পতিতাবৃত্তিতে যুক্ত একটি চক্রের তিন মহিলা সদস্য পুলিশের হাতে ধরা পড়েছে। এদের একজন বাংলাদেশী এবং ইনি বাংলাদেশী এক কিশোরীকে পতিাবৃত্তিতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

পতিতাবৃত্তির ফাঁদে পড়া বাংলাদেশী কিশোরীকে উদ্ধারের পর পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী, অন্যদের আটক  করে। গোয়াভিত্তিক একটি ইন্টারনেট সংবাদপত্র এ তথ্য জানায়।  বিষয়টি বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে।

বাংলাদেশী কিশোরী মল্লিকাকে (আসল নাম প্রকাশ করা হয়নি) জোরপূর্বক দেহ ব্যবসায় নামানো হয়। যে মহিলা বাংলাদেশ থেকে ১৬ বছরের মল্লিকাকে কাজ দেয়া ও ভাগ্য পরিবর্তনে সহায়তার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে এসেছিল, সে গোয়া ছাড়াও মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যেও দেহব্যবসা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ ধারণা করছে। ভারতে প্রবেশ করে মল্লিকাকে ওই ব্যবসায়ী মহিলা মুম্বাই নিয়ে যায়। মুম্বাইয়ে তাকে জোরপূর্বক পৃথিবীর আদিমতম এই পেশায় যুক্ত করা হয়। তারপরও অন্য এক মহিলার মাধ্যমে প্রথমে আহমেদাবাদ, সেখান থেকে আবার মুম্বাই এবং সর্বশেষ পুলিশের কাছে ধরা খাওয়ার পূর্ব পর্যন্ত গোয়াতেই অবস্থান করছিলো সে।

পুলিশের কাছে জবানবন্দিতে মল্লিকা বলেছে, এপ্রিলের মাঝামাঝি সে গোয়ায় আসে। গোয়াতে আসার প্রথম দিকে দেহ ব্যবসায় বিরত থাকার জন্য মল্লিকা  খদ্দেরদের সাথে প্রতারণার আশ্রয় নিতো। তার ঘরে খদ্দের হাজির হলে সে অজ্ঞান হওয়ার ভান করতো। কিন্তু এপ্রিলের ২৩ তারিখ তিন ব্যক্তি তাকে জোর করে একটি গাড়িতে তুলে এক হোটেলে নিয়ে যায়। হোটেলে তাকে তরল জাতীয় কিছু পান করানো হয়। তারপর তাদের একজনের সাথে সে যৌনকাজে লিপ্ত  হতে বাধ্য হয়।

হোটেল রিসেপশনিস্ট ঝামেলা বুঝতে পেরে ফোন করে পুলিশ ডেকে আনে। সেখান থেকে পুলিশ তাকে পাঠিয়ে দেয় আপনা ঘর ওয়েলফেয়ার হোমে।

সেখানে মল্লিকা ভারত সরকারের নিযুক্ত কাউন্সিলরের কাছে তার অন্ধকার জীবনের কাহিনী খুলে বলে। বাংলাদেশ থেকে কীভাবে আসা, কীভাবে দেহব্যবসায় জড়ানো-সবকিছুই। তার স্বীকারোক্তির ভিত্তিতেই এসপি ভি বোরকারের নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের একটি টিম ফাঁদে ফেলে তিন মহিলাকে গ্রেপ্তার করে। এই তিন মহিলা সরকারের প্রতিষ্ঠান থেকে মল্লিকাকে ছাড়িয়ে আনতে সেখানে গিয়েছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশী।

রেখা, অর্তি ও সালমা ওরফে বেবিকে প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (জেএমএফসি) পাঞ্জিমের সামনে হাজির করা হয় এবং তাদেরকে সাতদিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। শিগগিরই এই তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

ডিআইজি মিশ্র বলেছেন, এই গ্যাংটির অন্য আরও সদস্যকে গ্রেপ্তারের ব্যাপারে তারা আশাবাদী।