২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে নারী আসন সংক্রান্ত রিট বাতিল করে দেয়া হাইকোর্টের নিদের্শের বিরুদ্ধে লিভ টু আপিল সুপ্রিম কোর্টে খারিজ

জাতীয় সংসদের সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের একটি আদেশের বিরুদ্ধে দাখিলকৃত লিভ টু আপিল মঙ্গলবার খারিজ করেছেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সংবিধানের ১৪তম সংশোধনী ও ৪৫টি নারী আসনে নির্বাচন সংক্রান্ত আইনের বৈধতা চ্যালেঞ্চ করে কয়েকটি মানবাধিকার সংগঠনের রিট আবেদন গত ৩০ মে হাইকোর্ট খারিজ করে দিলে এ লিভ টু আপিল করা হয়।

দীর্ঘ শুনারি পর প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেন এবং অন্য পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এ প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এ আদেশের পর সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠানে আর কোনও বাধা থাকলো না।

সূত্র জানায় হাইকোর্টের ওই আদেশের পরেই সরকার সরক্ষিত নারী আসনে নির্বাচন প্রক্রিয়া শুরু করার জন্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলো।

হাইকোর্ট গত ৩০ মে জাতীয় সংসদের সংরক্ষিত ৪৫টি নারী আসন সংক্রান্ত সংবিধানের ১৪তম সংশোধনী ও এই আসনে নির্বাচন সংক্রান্ত আইনের বৈধতা চ্যালেঞ্চ করে বেশ ক’টি মানবাধিকার সংগঠনের দায়ের করা তিনটি রিট আবেদন খারিজ করে দেন।

নির্বাচিত দলীয় সংসদ সদস্য সংখ্যার অনুপাতে ৪৫টি সংরক্ষিত নারী আসন বন্টন সংক্রান্ত আইনটি গত বছরের ২৯ নভেম্বর জাতীয় সংসদে পাশ করা হয়। পরবর্তীতে ৮ ডিসেম্বরে সরকার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

এই আইন ও সংবিধানের সংশ্লিষ্ট সংশোধিত বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় মহিলা আইনজীবী সমিতি, কর্মজীবী নারী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ কয়েকটি মানবাধিকার সংগঠন ২০০৪ সালের ২০ জুলাই ও ১৩ ডিসেম্বর এবং ২০০৫ সালের ৪ জানুয়ারি হাইকোর্টে তিনটি রিট আবেদন দায়ের করে।

রিট আবেদনের ভিত্তিতে হাইকোর্ট সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রতি স্থগিতাাদেশ দেন।

গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংক্রান্ত নির্বাচনী আইনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শাও নোটিশ প্রদান করেন।

আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন ড. এম জহির ও অ্যাড. সিগমা হুদা অন্যদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।