২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সাংবাদিকতা খুবই বিপজ্জনক পেশা : জনকণ্ঠ পরিদর্শনকালে মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্স

ঢাকাস্থ মার্কিন দুতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স জুডিথ চামাস জনকণ্ঠসহ দুটি পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ ও সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

তিনি মঙ্গলবার জনকণ্ঠ ভবনে পত্রিকার সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদসহ পত্রিকার কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে সাক্ষাত করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সাথে আলোচনায় মিলিত হন।

আলোচনাকালে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে বিরোধী দলের প্রস্তাব সম্পর্কে মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্স বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের দায়িত্ব বাংলাদেশীদেরই। আমরা শুধু সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়, এটা চাই। সেক্ষেত্রে আমরা সব ধরণের সহায়তা দিতে রাজী।

সরকার ও বিরোধী দলের মধ্যে বিরোধ মেটাতে সংলাপের ওপর জোর দিয়ে তিনি বলেন, জাতীয় সংসদে হোক আর সংসদের বাইরে হোক, সংলাপে বসাই বড় কথা।

সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য বস্তুনিষ্ঠ খবরের ভূমিকা অনেক। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশের সংবাদপত্র যে অবদান রাখছে, তাকে যুক্তরাষ্ট্র খুবই মূল্য দেয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকতা এখানে একটি খুবই বিপজ্জনক পেশা, এটা আর এখন গোপন নয়।

এ সময় জনকণ্ঠের সিনিয়র নির্বাহী পরিচালক নাজমুল হাসান, নির্বাহী সম্পাদক বোরহান আহমেদ ও, বার্তা সম্পাদক কামরুল ইসলাম খান এবং আমেরিকান সেন্টারের তথ্য কর্মকর্তা ডানা ব্রেনান, আহমেদ আলী ও মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।