২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অডিট আপত্তি নিষ্পত্তি, সিস্টেম লস ও বকেয়া আদায় নিয়ে সংসদীয় কমিটির তোপের মুখে তিতাস

সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটি তিতাস গ্যাসের চার হাজার ২৪২ কোটি টাকার অডিট আপত্তি নিষ্পত্তিতে ব্যর্থতা, সিস্টেম লস হ্রাস ও বকেয়া আদায়ে অগ্রগতি না হওয়ায় তীব্র ভর্ৎসনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় বলা হয়েছে, পেট্রোবাংলার অধীনস্থ সরকার নিয়ন্ত্রিত দেশের বৃহত্তম গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান তিতাস ২০০৩ সাল পর্যন্ত পাঁচ বছরের ১৯৩টি অডিট আপত্তি নিষ্পত্তিতে ব্যর্থ হয়েছে। যে কোম্পানি অডিট আপত্তি নিষ্পত্তি, বকেয়া আদায় ও সিস্টেম লস কমাতে পারে না, এমন একটি কোম্পানি চালানোর কি মানে আছে-সভায় এমন প্রশ্ন খোদ কমিটির সভাপতি আব্দুল আলীম তোলেন বলে জানা গেছে।

সভায় জানানো হয়, তিতাস গ্যাস সঞ্চালন ও সরবরাহ কোম্পানীর সিস্টেম লস এ বছরের মে মাসে ছিল সাত দশমিক ১৪ শতাংশ। যা ১৯৭২-৭৩ সালে ছিল মাত্র শুন্য দশমিক ৫৪ শতাংশ। কমিটির সদস্যরা এ বিরাট আকারের সিস্টেম লসের কথা শুনে আশ্চর্য হন।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সভায় উপস্থাপিত তথ্য ত্রুটিপূর্ণ। সভায় মাত্র সাত দশমিক ১৪ শতাংশ সিস্টেম লসের কথা বলা হলেও এর প্রকৃত পরিমান হচ্ছে প্রায় ১৭ শতাংশ।

গত সোমবার তিতাসের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে নবনিযুক্ত জ্বালানী উপদেষ্টা মাহমুদুুর রহমান বলেন, তার পাঁচটি জরুরী কাজের মধ্যে অন্যতম একটি হচ্ছে তিতাসের সিস্টেম লস ১৭ থেকে কমিয়ে সাড়ে আট-এ নামিয়ে আনা।

বকেয়া আদায়ে ব্যর্থতার জন্যও কমিটির সদস্যরা ক্ষুব্ধ হন। তারা শুনে আরও আশ্চর্য হন যে, তিতাস গ্যাস গত ছয় মাস ধরে সরকারি প্রতিষ্ঠানে এবং চার মাস ধরে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো বিল পাঠায়নি।

এতে জানানো হয়, বর্তমানে তিতাসের বকেয়া বিলের পরিমান প্রায় এক হাজার ৩৮২ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুত উন্নয়ন বোর্ডে (পিডিবি) ৩৩৬ কোটি, শিল্প-কারখানায় ৪৩৬ কোটি এবং বাসাবাড়িতে ২৫৬ কোটি টাকা বকেয়া রয়েছে।

তিতাসকে একটি অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে কমিটির সদস্যরা জানতে চান, কেন তিতাস শিল্প-কারখানায় গ্যাস চুরি রোধে মাটির ওপর দিয়ে গ্যাস সংযোগ দিতে ব্যর্থ হচ্ছে।

২০০০ সালে দেশের চার ২৫২টি শিল্প-কারখানায় মাটির ওপর দিয়ে গ্যাসের সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত পাঁচ বছরে মাত্র ৫৭৭টি শিল্প-কারখানায় মাটির ওপর দিয়ে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে এবং আরও ৯৭২টি প্রক্রিয়াধীন রয়েছে।

সভায় সাতটি ভিজিলেন্স টিমের মাধ্যমে পাঁচ বছরে মাত্র ২৩১টি গ্রাহকের সংযোগ পরীক্ষা করায় ক্ষোভ প্রকাশ করা হয়। সদস্যরা গৃহস্থালী কাজে ব্যবহৃত সংযোগের মতো শিল্প কারখানাগুলোকেও প্রি-পেইড মিটার ব্যবস্থায় আনার পরামর্শ দেন।

পেট্রোবাংলাকে কমিটির পরবর্তী সভায় টেংরাটিলায় ক্ষতিগ্রস্ত গ্যাসের পরিমান সম্পর্কে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

সভায় কমিটির সদস্যদের ক্ষতিগ্রস্থ টেংরাটিলা গ্যাসক্ষেত্র পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ক্ষেত্রটিতে কানাডিয়ান কোম্পানি নাইকো কুপ খননের কাজ করছে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সদস্য ও হুইপ রেজাউল বারী ডিনা, সালাউদ্দিন আহমেদ, আলমগীর এম মাহফুজুল্লাহ ফরিদ ও আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আওয়ামী লীগের কর্ণেল (অব:) ফারুক খান এবং জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।