২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্ব যাত্রীদের বিমান ভাড়া ৩৫০ ডলার বাড়ছে

দেশের হজ্ব যাত্রীদের জন্যে এবার দুঃসংবাদ। বিশ্বে কয়েক দফায় জেট ফুয়েলের দাম বাড়ার কারণে এবছর ব্যালটি-নন ব্যালটি সবধরনের হজ্ব যাত্রীর বিমান ভাড়ার জন্যে গুনতে হবে বাড়তি ডলার।

নিজস্ব প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, হজ্ব যাত্রীদের টিকিটের মূল্য বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবনা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ওই প্রস্তাবনায় বলা হয়, সবধরনের হজ্ব যাত্রীর জেদ্দা ফ্লাইটের জন্যে এবছর বিমান ভাড়া জনপ্রতি ৩৫০ ডলার বাড়িয়ে ১,৩০০ মার্কিন ডলার করা প্রয়োজন। অন্যথায় শুধু জ্বালানি তেলের খরচ বাবদই বিমানকে প্রচুর লোকসান গুনতে হবে। গত বছর হজ্ব ফ্লাইটের ভাড়া ছিলো জনপ্রতি ৯৫০ মার্কিন ডলার।

সূত্র জানায়, বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশনের ওই প্রস্তাবনা এখন মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। শিগগিরই হজ্ব ব্যবস্থাপনা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল হজ্ব কমকর্তা বিডিনিউজকে জানান, এবছর প্রায় ৬০ হাজার ব্যালটি ও নন ব্যালটি যাত্রী পবিত্র হজ্ব আদায় করবেন বলে তাদের ধারণা। এর মধ্যে ব্যালটি হাজ্বীর সংখ্যা হবে আট হাজার এবং নন ব্যালটি হাজ্বীর সংখ্যা হবে ৫২ হাজার।

সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) বিক্রয় কর্মকর্তা মমতাজ চৌধুরী বিডিনিউজকে জানান, সরাসরি ও আরামদায়ক ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশের হজ্ব যাত্রীদের প্রায় অর্ধেকই তাদের এয়ারলাইন্স পছন্দ করছেন। বরাবরই বিমানের সমান হয় তাদের হজ্ব ফ্লাইটের টিকিটির দাম। এ কারণে বিমান হজ্ব ফ্লাইটের টিকিটের দাম বাড়ালে তাদেরও টিকিটের দাম বাড়াতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে পবিত্র হজ্বের মৌসুম। এ জন্যে বিমান, সৌদিয়াসহ এমিরেটস, কুয়েত এয়ারওয়েজকে এবছর ডিসেম্বর থেকেই শুরু করতে হবে হজ্ব ফ্লাইট।

গত বছর দেশের মোট হাজ্বীর সংখ্যা ছিলো প্রায় ৪৫ হাজার। এর মধ্যে ব্যালটি হাজ্বীর সংখ্যা ছিলো প্রায় পাঁচ হাজার। বাদবাকী সবই নন ব্যালটি।

বিশ্বে জেট ফুয়েলের দাম বাড়ায় এরই মধ্যে সৌদিয়া, ইন্দোনেশিয়ার গারুদা ও মালয়শিয়ান এয়ারলাইন্স স্ব স্ব দেশের হজ্বযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

বিমান সূত্র জানায়, গত বছর বিমান নিজস্ব উড়োজাহাজ দিয়ে মোট ৯৯টি হজ্ব ফ্লাইট পরিচালনা করে। বিমানের ফিরতি হজ্ব ফ্লাইটও হয় মোট ৯৯টি। ব্যালটি ও নন ব্যালটি মিলিয়ে গতবার বিমান প্রায় ২৫ হাজার যাত্রীকে জেদ্দা পৌঁছে দেয়।

নিজস্ব উড়োজাহাজ দিয়ে এসময় বিমান রেকর্ড পরিমাণ হজ্ব যাত্রী পরিবহন করে। এরমধ্যে আট হাজার ব্যালটি এবং বাদবাকী নন ব্যালটি হজ্ব যাত্রী রয়েছে। বিমানের ঢাকা-জেদ্দা রুটে পরিচালিত ৯৯টি হজ্ব ফ্লাইটের মধ্যে ২৯টি ফ্লাইট ব্যালটি এবং ৭০ টি নন-ব্যালটিদের পরিবহন করে।

বিমানের পাশাপাশি সৌদিয়াও গত বছর পরিবহন করে প্রায় সমান সংখ্যক হজ্ব যাত্রী।

ঢাকা থেকে অন্য যে এয়ারলাইন্সগুলো হাজ্বীদের জেদ্দা আনা-নেওয়া করে, এদের মধ্যে রয়েছে এমিরেটস, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং মালয়েশিয়া এয়ারলাইন্স।