হলের সকল ছাত্রীই আন্দোলনে যুক্ত: উপাচার্যের কাছে দরখাস্তে ঢাবির ফজিলাতুন্নেছা হলের ছাত্রীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বলেছেন, শুধু ২১ জন নয়, হলের প্রায় ৬৩৫ জন ছাত্রীই অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং প্রভোস্টের পদত্যাগের আন্দোলনে যুক্ত।
মঙ্গলবার ৫২৫ জন ছাত্রীর সাক্ষরসহ উপাচার্যের কাছে দরখাস্ত দেওয়ার সময় তারা একথা বলেন।
সোমবার রাতে সিন্ডিকেটের সভায় হলের আবাসিক শিক্ষকরা ২১ জন ছাত্রীর হস্তান্তর করে তাদের বহিস্কারের দাবি জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্রীরা উপাচার্যকে ওই দরখাস্ত দেন।
ছাত্রীরা দাবি করেন, তালিকায় যদি কারও নাম দিতে হয়, তাহলে সবার নামই দিতে হবে।
এসময় প্রায় ৬০/৬৫ জন ছাত্রী উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য, উপ-উপাচার্য ছাড়াও প্রক্টর, সহকারি প্রক্টরসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং দীর্ঘদিনের অসন্তোষের কারণেই তারা এ আন্দোলন করছেন বলে এসময় ছাত্রীরা দাবি করেন।
তদন্ত কমিটি যেন প্রকৃত ঘটনা জানতে ছাত্রীদের কাছে যায়, সে ব্যাপারে তারা উপাচার্যকে অনুরোধ করেন।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ ছাত্রীদের জানান, তাদের দরখাস্ত পরবর্তী সিন্ডিকেট সভায় দেওয়া হবে। তবে ২১ জন ছাত্রীর কোনও তালিকা সম্বন্ধে তিনি অবগত নন বলে জানান।
তিনি আশ্বাস দেন, তদন্ত কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে, যাতে শুধু বিক্ষিপ্ত কোনও ঘটনা নয় বরং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখা হবে।
তিনি আরও জানান, তদন্ত কমিটি প্রয়োজন বোধ করলে তিনি নিজে এবং উপ-উপাচার্যও এ ব্যাপারে বক্তব্য দেবেন। দরকার হলে সকল ছাত্রীকেই এ ব্যাপারে কথা বলার সুযোগ দেওয়া হবে।
উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার বলেন, যাতে এককভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে সার্বিক অবস্থা বিবেচনা করে তদন্ত কমিটি কাজ করবে।
সোমবার রাতে সিন্ডিকেটের সভায় কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিনকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
