চিত্রনায়িকা প্রেমার উপর এসিড ছোড়ার অভিযোগে তার শ্বশুর গ্রেপ্তার করেছে
চিত্রনায়িকা তানিয়া সিকদার প্রেমার উপর এসিড ছোড়ার অভিযোগে উত্তরা থানা পুলিশ চিত্রনায়িকা প্রেমার শ্বশুর নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। প্রেমা এর আগে স্বামী এবং শ্বশুরসহ অপর দুইজনকে অভিযুক্ত করে উত্তরা থানায় একটি মামলা দায়ের করে।
প্রেমার দায়ের করা মামলার আসামীরা হচ্ছে প্রেমার স্বামী জাকিরুল ইসলাম ওরফে টিটু, তার (প্রেমা) শ্বশুর নুরুল ইসলাম এবং সিরাজ ও ফেরদৌস হাসান।
উত্তরার একটি শপিং মল থেকে কেনাকাটা শেষে নিজ গাড়িতে উঠার সময় মুখোশধারী দুইজন সন্ত্রাসী সোমবার রাতে তার উপর এসিড নিক্ষেপ করে। এতে তার বাম হাত এবং তার কাজের মেয়ে রিপার পিঠ ঝলসে যায়।
দায়েরকৃত মামলায় ২০ বছন বয়সী প্রেমা বলেন, তার স্বামীর বিরুদ্ধে অতীতে উত্তরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করায় তার স্বামী এবং শ্বশুর অপর দুইজন সন্ত্রাসীর সহযোগিতায় প্রতিশোধ নিতে তার উপর এসিড ছোড়ে।
মঙ্গলবার প্রেমা ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত সাংবাদিকদের তার স্বামী এবং শ্বশুরের নির্যাতনের বিবরণ তুলে ধরেন।
তিনি বলেন, বিয়ের পর থেকেই তার স্বামী তাকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করতো। তিনি আরও জানান, গত ১০ মাস আগে টিটুর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর সে অন্তসত্ত্বা হয়ে পড়লে স্বামী তাকে গর্ভপাতে বাধ্য করে।
প্রেমা আরও বলেন, বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্মম নির্যাতন করা হতো। ফলে আমি বাধ্য হয়েই তার বিরুদ্ধে মামলা করি। এতে আমার স্বামী ক্ষিপ্ত হয়ে ফোনে আমাকে এবং আমার ছোট বোন শোভাকে হত্যার হুমকি দিতো।
