বাকুশাহ মার্কেটের ব্যবসায়ীরা জমির দাম দিয়ে ৩ বছরেও মালিকানা পাননি
রাজধানীর নীলক্ষেত বাকুশাহ হকার্স মার্কেটের ব্যবসায়ীরা ভূমি মন্ত্রণালয়ের কাছে প্রায় ১৭ কোটি টাকা জমা দিয়ে তিন বছরেও জমির মালিকানা বুঝে পাননি।
ব্যবসায়ীরা জমির মালিকানা না পেলেও বাকুশাহ মার্কেটের সামনে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ‘নীলক্ষেত স্কয়ার’ নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নিয়েছে।
বঞ্চিত প্রায় দু হাজার ব্যবসায়ী ডিসিসির এ উদ্যোগে প্রতিবাদমুখর হয়ে উঠেছেন। ব্যবসায়ীরা মঙ্গলবার মার্কেটের জমির মালিকানা আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।
কর্মসূচিতে রয়েছে-২৩ জুলাই বাকুশাহ মার্কেটসহ স্থানীয় দোকান মালিকদের নিয়ে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টার জন্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীরা প্রতিবাদ জানাবেন।
বাকুশাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক বিডিনিউজকে জানান, ১৯৭৯ সালে পল্টন মৌজার ১২৮, দাগের ১৬ একর জমির মধ্যে এক দশমিক ৬৮ একর জমি এক বছর মেয়াদী ইজারা ও কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাকুশাহ মার্কেট গড়ে ওঠে। পরে ভূমি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ভূমি বন্টন কমিটি প্রতি শতাংশ প্রায় ১০ লাখ টাকা দামে ব্যবসায়ী সমিতিকে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তিনি জানান, মার্কেটের দু হাজার ব্যবসায়ী ২০০২ সালে মোট প্রায় ১৭ কোটি টাকা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। টাকা পাওয়ার পর থেকে ভূমি মন্ত্রণালয় ও ভূমি বন্টন কমিটি জমির মালিকানা হস্তান্তরে বিলম্ব শুরু করে।
এতে ব্যবসায়ীরা তাদের জমির মালিকানা পেতে আদালতে একাধিক মামলা দায়ের করেন। এসব মামলার রায়ে আদালত এক মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে রায় কার্যকর না করায় ব্যবসায়ীরা আদালত অবমাননার মামলা দায়ের করলে মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসক আদালতে সশরীরে হাজির হন।
আব্দুল খালেক অভিযোগ করেন, মামলার রায় নিয়ে জমির মালিকানা পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় ওই জমির সামনে ডিসিসি ‘নীলক্ষেত স্কয়ার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা সোমবার মার্কেটের সামনের ফুটপাতে একটি ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
তিনি জানান, মার্কেটের এক একর ৬৮ শতাংশ জমির দক্ষিণ প্রান্তে ডিসিসি ভূমি মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই অবৈধভাবে ১২০ ফুট দীর্ঘ এবং ১১ ফুট প্রশস্ত এক খণ্ড জমিতে মোট ৪৯টি অস্থায়ী দোকান তৈরি করে ভাড়া দেয়, যা ডিসিসির জমিই নয়। এ অবস্থায় ওই স্থানে ডিসিসির মার্কেট নির্মাণের উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা বিডিনিউজকে জানান, ব্যবসায়ীরা এ নিয়ে মামলা করার উদ্যোগ নিয়েছে বলে জানতে পেরেছি। আদালত যে রায় দেবে, তাই মেনে নেবো।
ওই স্থানে ডিসিসির কোনো জমি রয়েছে কিনা, এ ব্যাপারে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
মঙ্গলবার বাকুশাহ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আলম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সভাপতিসহ সমিতির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
