২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মর্টার শেল বিস্ফোরণ: আরো একজনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে রোববার পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নিহত এ যুবকের নাম জসিম (১৯)। জসিম রোববার একই ঘটনায় নিহত বাবুলের ছোট ভাই। ঘটনায় আহত অপর তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সেনাবাহিনীর বিশেষজ্ঞ ক্যাপ্টেন আনোয়ার সোমবার ঘটনাস্থল থেকে মর্টার সেলের আলামত সংগ্রহ করেছে।

রোববার বিকাল পৌনে ৪টার দিকে হাটহাজারী পৌর এলাকার একটি ভাঙারির দোকানে পরিত্যক্ত মর্টার শেল ভেঙে লোহা-লক্করে পরিনত করার চেষ্টা করলে শেলটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়।

এতে ঘটনাস্থলেই দোকান কর্মচারী আব্দুল কুদ্দুস (১৬) নিহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বাবুল মিয়া (১৮) ও হাবুল মিয়া (৩০)।

আহত অন্য তিনজন হচ্ছে একই দোকানের কর্মচারী নূর হোসেন (৪৫), সাঈদ (২৫) ও আজিজ (২৫)।