সংরক্ষিত আসনের পরিবর্তে ওয়ার্ড সংরক্ষণের আইনগত পদক্ষেপের দাবি মহিলা কমিশনারদের
দেশের ছয়টি সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কমিশনার নেত্রীরা আগামী নির্বাচনের আগেই সংরক্ষিত আসনের পরিবর্তে ওয়ার্ড সংরক্ষণের আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে দেশের ছয়টি সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কমিশনারদের জাতীয় ফোরাম নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি তুলে ধরেন।
নেতৃবন্দ বলেন, স্থানীয় সরকার সংস্কার প্রক্রিয়ায় সাধারণ আসন ও সংরক্ষিত আসনের মধ্যে অবস্থানগত মৌলিক পার্থক্য থাকার ফলে সংরক্ষিত আসনের পরিবর্তে ওয়ার্ড সংরক্ষণ পদ্ধতি নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আদালত কর্তৃক সংরক্ষিত মহিলা কমিশনারদের ছয়দফা দাবি বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন।
স্বপক্ষে রীট পিটিশনের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তারা বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন না করা হলে সাধারণ কমিশনার ও সংরক্ষিত কমিশনারদের বৈষম্য দূরা না হয়ে বরং বাড়বে।
উল্লেখ্য, সংরক্ষিত কমিশনার হওয়ার কারণে বিভিন্ন ধরণের বৈষম্য ব্যাখ্যা করে ২০০৩ সালের ৫ মে খুলনা সিটি করপোরেশনের ফোরামের পক্ষে খুলনার ৯ জন মহিলা কমিশনার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রীট আবেদন করেন ও আদালত তাদের পক্ষে রায় দেন।
ফোরামের পক্ষ থেকে সংক্ষিত আসনের কমিশনারদের ক্ষমতায়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও কর্ম পরিধি নির্দিষ্টকরণের দাবি স্ব-স্ব সিটি করপোরেশনের মেয়রের কাছে পেশও করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি ও খুলনা সংরক্ষিত আসনের কমিশনার শামীমা সুলতানা সীমা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি সারা হোসেন বিভিন্ন সংরক্ষিত আসনের কমিশনারগণ।
