২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক বেসরকারিকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টের স্থগিতাদেশ

রূপালী ব্যাংক বেসরকারি খাতে হস্তান্তরের অংশ হিসেবে সরকার বিনিয়োগে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করে যে বিজ্ঞপ্তি দিয়েছে হাইকোর্ট তা স্থগিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে সরকারি এ দরপত্র আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে রূপালী ব্যাংকের শেয়ারহোল্ডার তোফাজ্জল হোসেন ও সিরাজুল ইসলামসহ সাত কর্মকর্তা কর্মচারির দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে রোববার হাইকোর্ট এ আদেশ দেন।

হাইকোর্ট একই সাথে রূপালী ব্যাংকের সরকারি শেয়ার বিক্রি করা কেন অবৈধ হবে না তা জানিয়ে সরকার ও প্রাইভেটাইজেশন বোর্ডের প্রতি কারণ দর্শানো নোটিশ দিয়ে একটি  রুল জারি করেন।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুল প্রত্যাহার না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

রিট আবেদনে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ও এর পরিচালক-৪, রূপালী ব্যাংক, মন্ত্রিপরিষদ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবকে অভিযুক্ত করা হয়।

প্রাইভেটাইজেশন কমিশন গত ১২ মে ব্যাংকের সরকারি শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেয়ার জন্য একটি প্রজ্ঞাপণ জারি করে।

রূপালী ব্যাংকে সরকারের ৯৩ ভাগ শেয়ার রয়েছে। সরকার তার অংশ থেকে ৬৭ ভাগ শেয়ার বিক্রি করে দেয়ার ঘোষণা দেয়।

আবেদনকারীর আইনজীবী ড. কামাল হোসেন আদালতকে বলেন, প্রাইভেটাইজেশন বোর্ডের দেয়া সরকারি ঘোষণা ২০০০ সালের প্রাইভেটাইজেশন আইন ও ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন বিরোধী। কেননা এ আইনের আওতায় রূপালী ব্যাংকের বেসরকারিকরণ প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের কোনও সুযোগ নেই।

সরকার পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান হাইকোর্টের এ আদেশের বিরোধীতা করেন।

আবেদনকারীর আইনজীবী ড. কামাল হোসেনকে সহায়তা করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ও অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ।