২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ইস্যু নিয়ে উভয় সংকটে সরকার

তালিকা বহির্ভূত রোহিঙ্গা শরণার্থী ইস্যু নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার। কর্তৃপক্ষ জানায়, ১৯৯৪ সালের পর মায়ানমার থেকে আসা হাজার হাজার সংখ্যালঘু মুসলিম শরণার্থী হিসেবে কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

স্থানীয় সরকারের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এই শরণার্থীদের নিয়ে আমরা কি করবো তা নিয়ে উভয় সংকটে রয়েছি। গোপনীয়তা বজায় রাখা ও তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাসস্থান প্রদানে দাতাদের চাপে আমরা উভয় সংকটে পড়েছি।

একটি বেসরকারি সূত্র জানায়, তালিকাবহির্ভূত রোহিঙ্গারা কয়েকটি ক্যাম্পে পানি ও স্যানিটেশনের মতো মৌলিক সেবা ছাড়াই মানবিক, সামাজিক ও পরিবেশগত সমস্যা নিয়ে বসবাস করছে।

বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি ক্রিস্টোফার বেং চা লি বিডিনিউজকে বলেন, ১৯৯৪ সালে বাংলাদেশে আসার পর থেকে রোহিঙ্গারা কোন ধরনের শরণার্থী সুবিধা লাভ করেনি।

কয়েকটি দাতা সংস্থার প্রতিনিধির সাথে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে তিনি একথা বলেন।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহসিন চৌধুরী জানান, এক বছর আগে ধামধামিয়া অস্থায়ী শরণার্থী শিবিরে তালিকাবহির্ভূত এক হাজার ৭৪০টি রোহিঙ্গা পরিবারের ১০ হাজার ৪৪০ জন শরনার্থী ছিল । কিন্তু এক সপ্তাহ আগের হিসাব অনুসারে সেখানে আছে এক হাজার ৪০০টি পরিবারের ছয় হাজার ৩২ জন রোহিঙ্গা।

ঢাকায় ইউরোপিয়ান কমিশন ডেলিগেশনের রাষ্ট্রদূত এসকো কেট্রসিনস্কি এবং কানাডীয় হাই কমিশনার ডেভিড ¯প্রাউলের নেতৃত্বে একটি বৃহৎ কূটনৈতিক প্রতিনিধিদল শুক্রবার টেকনাফের ধামধামিয়া কারনতুলি’র রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

বিডিনিউজের সাথে আলাপকালে এসকো কেট্রসিনস্কি এবং ডেভিড ¯প্রাউল বলেন, শরণার্থীদের জন্য অচিরেই কিছু করা দরকার।

¯প্রাউল বলেন, এখন বর্ষাকাল চলছে এবং শরনার্থীদের ক্যাম্পগুলোও বেশ নিচু এলাকায়, সুতরাং তাদেরকে শিগগিরই সরিয়ে নেওয়া উচিত।

এসকো কেট্রসিনস্কি বলেন, ক্যাম্পগুলোতে পানি ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য দিতে আমরা প্রস্তুত রয়েছি।

মায়ানমারের সামরিক জান্তার নির্যাতনের কারনে ১৯৯১ সালে দুই লাখ ৫০ হাজার রোহিঙ্গা তাদের বাস্তুভিটা হারায়।

শরণার্থীদের ফিরিয়ে নেবার ব্যাপারে ইউএনএইচসিআর-এর মধ্যস্থতায় ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার ও মায়ানমারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সূত্র জানায়, চুক্তির শর্ত অনুসারে এ বছরের ১৭ মার্চ পর্যন্ত  ৪৭ হাজার ৩১৩ টি পরিবারের দুই লাখ ৩৬ হাজার ৫৯৪ জন রোহিঙ্গা শরণার্থী নিজ বাড়িতে ফিরে গেছে।

তবে বিভিন্ন সময়ে নানাবিধ কারণে শরনার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ থাকে। কক্সবাজার এলাকার কুতুবদিয়া ও নয়াপড়া, এ দুটি শরণার্থী শিবিরের ২০ হাজার পাঁচ শত ৪৪ জন শরণার্থীকে ফিরিয়ে নেবার প্রক্রিয়া বর্তমানে স্থগিত আছে।

সূত্র মতে, প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে থাকার অন্যতম কারণ হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা ।

এসকো কেট্রসিনস্কি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

তিনি আরও বলেন, দুটি ক্যাম্পে বসবাসকারী শরণার্থীরা একটি সম্প্রদায়ে পরিণত হতে পারে অথবা তারা স্থানীয় সমাজের সাথেই একত্রিত হয়ে যেতে পারে। এই বিষয়ে সরকারের সাথে আলোচনা হতে পারে।

তিনি বলেন যে শরণার্থী ইস্যুটি সবসময়-ই স্পর্শকাতর। মানবাধিকার রক্ষায় দায়বদ্ধ বাংলাদেশ এ বিষয়ে নিশ্চয়ই একটি কার্যকর সমাধান খুঁজে বের করবে।